Skip to content

ফুটবল বিশ্বে মেসিই সেরা: এমবাপ্পে

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হলেও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নিজের শততম আন্তর্জাতিক ম্যাচের আগে মেসির প্রশংসায় পঞ্চমুখ হন এই ফরাসি তারকা।

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের দ্বৈরথ নতুন নয়। এবারের আসরেও সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে দু’জনই অন্যতম দাবিদার। তবে সেই প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও মেসির শ্রেষ্ঠত্ব স্বীকার করতে দ্বিধা করেননি এমবাপ্পে।

ইরাকের বিপক্ষে ফ্রান্সের জার্সিতে নিজের শততম ম্যাচে মাঠে নামার আগে এমবাপ্পে বলেন, “মেসিই বিশ্বের সেরা। ঠিক যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো।”

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে নজর কাড়েন মেসি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও স্পর্শ করেন তিনি। মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলের জয় পায় আর্জেন্টিনা।

তবে আর্জেন্টাইন অধিনায়কের এমন পারফরম্যান্সে অবাক নন এমবাপ্পে। তিনি বলেন, “আমি আগেই জানতাম মেসি গোল করতেই থাকবে। সে সবসময়ই তা করে। সে আমার সামনে আছে, আমি তার পেছনে। জাতীয় দলকে যতদূর সম্ভব এগিয়ে নিতে আমিও গোল করে যেতে চাই।”

মেসির দীর্ঘ ক্যারিয়ারের ধারাবাহিকতার প্রশংসা করে এমবাপ্পে আরও বলেন, “গত ১৬ বছর ধরে মেসি তার অসাধারণ প্রতিভার প্রমাণ দিয়ে আসছে। আমি শুধু আমার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে চাই এবং দলকে সাহায্য করতে চাই।”

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপ্পেও পিছিয়ে নেই। তার ঝুলিতে রয়েছে ১৪টি গোল। নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে তিনি তালিকার তৃতীয় স্থানে উঠে আসেন।

তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ফরাসি অধিনায়ক। এমবাপ্পে বলেন, “গোল করলে অনেক দূর যাওয়া যায়, অনেক রেকর্ড ভাঙা যায়। তবে আমার মূল লক্ষ্য বিশ্বকাপ জেতা। আমি বিশ্বকাপ জিততে চাই।”

ফ্রান্সের জার্সিতে শততম ম্যাচ খেলাকে বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করে বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলা এই তারকা বলেন, “১০০টি ম্যাচ খেলা একটি ঐতিহাসিক অর্জন। বিশেষ করে সেটা বিশ্বকাপে হলে তো কথাই নেই। জাতীয় দলের চেয়ে বড় আর কিছু নেই। ম্যাচটি আমার জন্য বিশেষ হবে। তবে নকআউট নিশ্চিত করার জন্য আমাদের জিততেও হবে।”

এনএনবাংলা/