



গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট—এই ইউনিফর্মে আবারও ফিরেছে বাংলাদেশ পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে যে নতুন ইউনিফর্ম চালু করা হয়েছিল, সরকার পরিবর্তনের পর সেটি আবার পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১ জুলাই) থেকেই নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।
এদিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা জোরদারের লক্ষ্যে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়। একই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরতে দেখা গেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে এখনো সব সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন। যারা ইতোমধ্যে পেয়েছেন, তারা নতুন পোশাকেই দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জোরালো হয়। সেই সঙ্গে পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের দাবিও ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের শার্টের রং করা হয় লোহা-ধূসর এবং প্যান্টের রং নির্ধারণ করা হয় কফি শেল বা কফি-বাদামি ধূসর। পরবর্তীতে গত বছরের ২৫ নভেম্বর নতুন সেই ইউনিফর্ম পরে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেন পুলিশ সদস্যরা।
তবে ওই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই নতুন পোশাকের রং ও নকশা নিয়ে আপত্তি জানান এবং পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়েও প্রশ্ন তোলেন।
নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর আবারও পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন রঙের ইউনিফর্ম সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে শুধু শার্ট ও প্যান্ট নয়, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী পুলিশের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রঙ সম্পর্কেও নতুন নির্দেশনা দেওয়া হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগে লোহা-ধূসর শার্টের সঙ্গে একই রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের বিধান থাকলেও এখন গাঢ় নীল শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহার করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিকের, যাতে সামনে চারটি পকেট এবং সমান দূরত্বে সাতটি বোতাম থাকবে।
নারী পুলিশ সদস্যদের পোশাক সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ পরবেন। আর মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া নারী পুলিশ সদস্যরা অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে তারা সাধারণ পোশাক পরেও দায়িত্ব পালন করতে পারবেন।
মৌসুমভেদে শার্টের ধরনও নির্ধারণ করে দেওয়া হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার বিধান রাখা হয়েছে। পাশাপাশি মাথার আবরণ ব্যবহারের ক্ষেত্রেও অনুমোদিত গাঢ় নীল রঙ অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এনএনবাংলা/
Tags: পুলিশবাংলাদেশ পুলিশ
এ সম্পর্কিত আরও পড়ুন