Skip to content

Upcoming
Spain
0-0
Austria
Source: ESPN

পেলের রেকর্ড ভেঙে ইংল্যান্ডকে শেষ ১৬-তে তুললেন হ্যারি কেইন

বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কা যখন ক্রমেই ঘনীভূত হচ্ছিল, ঠিক তখনই অধিনায়ক হ্যারি কেইনের দুর্দান্ত জোড়া গোলে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। আটলান্টায় অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে (ডিআর কঙ্গো) ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা।

ম্যাচের বড় একটি সময়জুড়ে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ কেইনের নৈপুণ্যেই জয় তুলে নেয় ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো। সেই বাধা পেরোতে পারলে শেষ আটে ব্রাজিলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ইংলিশদের।

এই ম্যাচে জোড়া গোল করার মধ্য দিয়ে বিশ্বকাপে হ্যারি কেইনের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। চলতি আসরে এটি তার পঞ্চম গোল, ফলে তিনি আর্লিং হালান্ডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার অবস্থানে উঠে এসেছেন। একই সঙ্গে বিশ্বকাপে ১২ গোল করা ফুটবল সম্রাট পেলের রেকর্ডও ছাড়িয়ে গেছেন ইংল্যান্ড অধিনায়ক।

এই জয়ে ১৯৬৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নও জীবিত রাখল ইংল্যান্ড।

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে নেমেই দারুণ আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় ডিআর কঙ্গো। রক্ষণাত্মক কৌশলে না গিয়ে শুরু থেকেই ইংল্যান্ডকে চাপে রাখে আফ্রিকার দলটি। তারই ফল মেলে ম্যাচের সপ্তম মিনিটে। এমবেম্বার নিখুঁত পাস থেকে বল পেয়ে গোল করে কঙ্গোকে এগিয়ে দেন সিপেঙ্গা।

শুরুতেই গোল হজম করে কিছুটা ছন্দ হারিয়ে ফেলে ইংল্যান্ড। প্রথমার্ধের পানিবিরতির পর আক্রমণের ধার বাড়ালেও কঙ্গোর গোলরক্ষক এমপাসি একের পর এক দুর্দান্ত সেভ করে ইংলিশদের হতাশ করেন। একবার রাশফোর্ডের শট তাকে পরাস্ত করলেও গোললাইন থেকে বল ফিরিয়ে দেন ডিফেন্ডার ওয়ান-বিসাকা।

সময় যত গড়াতে থাকে, ইংল্যান্ডের ওপর চাপও তত বাড়তে থাকে। অন্যদিকে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর ডিআর কঙ্গো নিজেদের রক্ষণভাগও শক্তভাবে সামলে রাখে। এমন পরিস্থিতিতে কোচ থমাস টুখেল কৌশলগত পরিবর্তন এনে রাশফোর্ড, মাদুয়েকে ও স্পেন্সকে তুলে মাঠে নামান গর্ডন, সাকা এবং এজেকে। তার এই পরিবর্তনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে গর্ডনের নিখুঁত ক্রস থেকে শক্তিশালী হেডে সমতার গোল করেন হ্যারি কেইন। এমপাসি বল স্পর্শ করলেও সেটি জালে জড়ানো ঠেকাতে পারেননি।

ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায় থাকতেই আবারও ইংল্যান্ডের ত্রাতা হয়ে আবির্ভূত হন কেইন। দ্বিতীয়ার্ধের ৪১ মিনিটে আরেকটি নিখুঁত ফিনিশে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন তিনি। আর সেই গোলেই ২-১ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এনএনবাংলা/