



স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা ও দুর্নীতির প্রমাণ মিলবে, সেখানে শুধু বদলি নয়, প্রয়োজন হলে চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, কেবল ট্রান্সফার করে দায়িত্ব শেষ করার নীতিতে তিনি বিশ্বাস করেন না।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি, ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আধুনিকায়ন করা হবে। সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মানও উন্নত করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছর থেকেই স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে চায় সরকার। জনগণের কল্যাণে ধারাবাহিকভাবে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করা হবে, যাতে বাংলাদেশ বিশ্বে মর্যাদার সঙ্গে এগিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, এবারের বাজেট শুধু অর্থ বরাদ্দের বাজেট নয়, এটি আদর্শের বাজেট। সেই আদর্শ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং দুর্নীতির কোনো সুযোগ রাখা হবে না।
নরসিংদী মেডিকেল কলেজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলতি বছরই ৫০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে মেডিকেল কলেজের ক্লাস পরিচালিত হবে। অন্যদিকে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাঠদান ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা হবে।
তিনি জানান, মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের কাজ চলছে। খুব শিগগিরই স্থান চূড়ান্ত করে নতুন ভবনের নির্মাণকাজ শুরু করা হবে। এছাড়া চীনের সহযোগিতায় দেশে যে ১৮টি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, তার একটি নরসিংদীতে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটি শহরের আশপাশের এলাকায় নির্মাণের চেষ্টা করা হবে।
নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এছাড়া নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
এনএনবাংলা/
Tags: মো. সাখাওয়াত হোসেনস্বাস্থ্যমন্ত্রী
এ সম্পর্কিত আরও পড়ুন