




দীর্ঘ ২৫ বছরের পরিচিতি এবং দুই বছরেরও বেশি সময়ের প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান ও ফ্যাশন জগতের পরিচিত মুখ গৌরী স্প্র্যাট।
মুম্বাইয়ের বান্দ্রায় ৬১ বছর বয়সী এই অভিনেতার নিজস্ব বাসভবনে ঘরোয়া ও ব্যক্তিগত আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ইতোমধ্যে তাদের বিয়ের আইনি রেজিস্ট্রেশনও সম্পন্ন হয়েছে।
বিয়ের খবর নিশ্চিত হওয়ার পর আমির খানের জনসংযোগ (পিআর) এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির প্রথম ছবি প্রকাশ করে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘ভালোবাসা, হাসি এবং লালিত মুহূর্তের এক উদ্যাপন। আমির খানের বিয়ের উৎসবে চোখ রাখুন—যা উষ্ণতা, আনন্দ এবং একটি স্মরণীয় উদ্যাপনের জাদুতে ভরপুর।’
আমির খান ও গৌরীর প্রথম পরিচয় ২৫ বছর আগে হলেও, গত দুই বছর ধরে তারা সম্পর্কে ছিলেন। চলতি বছরের ৪ জুন আমির খান নিজেই গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের বিষয়টি প্রথম নিশ্চিত করেন।
এর আগে মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের সামনে প্রথমবারের মতো গৌরীকে পরিচয় করিয়ে দেন তিনি। সে সময় নিজের জনপ্রিয় চলচ্চিত্র লাগান-এর চরিত্র ভুবনের প্রসঙ্গ টেনে রসিকতা করে বলেন, ‘ভুবন অবশেষে তার গৌরীকে খুঁজে পেয়েছে।’ উল্লেখ্য, লাগান চলচ্চিত্রে গ্রেসি সিং অভিনীত চরিত্রটির নাম ছিল গৌরী।
ষাট বছর বয়সে বিয়ে প্রসঙ্গে আমির খান বলেছিলেন, ‘আমি জানি না ৬০ বছর বয়সে বিয়ে করাটা আমাকে মানায় কি না। তবে আমার সন্তানেরা এতে অত্যন্ত খুশি।’
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে আমির খানের তিন সন্তান এবং গৌরীর একমাত্র পুত্র উপস্থিত ছিলেন। এটি আমির খানের তৃতীয় বিয়ে।
আমির খানের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র প্রযোজক রিনা দত্ত। তাদের সংসারে দুই সন্তান—জুনায়েদ ও ইরা খান। পরে ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও, ছেলে আজাদ রাও খানের অভিভাবকত্ব যৌথভাবে পালন করছেন তারা।
অন্যদিকে, গৌরী স্প্র্যাটেরও আগের পক্ষের একটি ছয় বছর বয়সী পুত্রসন্তান রয়েছে, যাকে সাধারণত প্রচারমাধ্যমের আড়ালেই রাখা হয়।
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং বিদেশ থেকে আসা আত্মীয়সহ প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন।
কে এই গৌরী স্প্র্যাট?
গৌরী স্প্র্যাটের আদি নিবাস ভারতের বেঙ্গালুরু। তার মা রিতা স্প্র্যাট বেঙ্গালুরুতে একটি পরিচিত সেলুন পরিচালনা করতেন। গৌরী নীলগিরির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেন।
পরে ২০০৪ সালে লন্ডন ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে উচ্চতর কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে ‘বিব্লান্ট’ সেলুন চেইনের একটি শাখা পরিচালনা করছেন। পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের নেপথ্য কাজ বা প্রোডাকশনের সঙ্গেও যুক্ত রয়েছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়ার অনুভূতি প্রকাশ করে আমির খান বলেন, ‘সত্যি বলতে, আমি এমন একপর্যায়ে পৌঁছেছিলাম যেখানে আমার মনে হয়েছিল হয়তো আমি আর কাউকে জীবনসঙ্গী হিসেবে পাব না। আমি এটি একদমই আশা করিনি।’
গৌরীর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘গৌরী আমার জীবনে অনেক শান্ত ও স্থিরতা নিয়ে এসেছে। ও অত্যন্ত চমৎকার একজন মানুষ। আমি সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করি যে ওর সঙ্গে আমার দেখা হয়েছে। রিনা, কিরণ এবং এখন গৌরী—আমার জীবনের এই তিনজন মানুষ একজন ব্যক্তি হিসেবে আমার গঠনে অনেক বড় অবদান রেখেছেন।’
গত এক বছরে এই যুগলকে বিভিন্ন আন্তর্জাতিক ও সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। এর মধ্যে চীনে অনুষ্ঠিত ‘ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভ্যাল’-এ তাদের উপস্থিতি বিশেষভাবে আলোচনায় আসে।
এনএনবাংলা/
Tags: Aamir Khan MarriageAamir Khan WifeBollywood NewsGauri Sprattআমির খানের বিয়েগৌরী স্প্র্যাট
এ সম্পর্কিত আরও পড়ুন