Skip to content

Upcoming
France
0-0
Morocco
Source: ESPN

শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির বার্তা, এরপরই ৫ জন নিয়ে নিখোঁজ পাকিস্তানের বিমান

পাকিস্তানের করাচি উপকূলের কাছে পাঁচজন ক্রুসহ একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। বিমানটির সন্ধানে আরব সাগরে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) জানিয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে উড়ে এসেছিল। মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটের দিকে বিমানটি হঠাৎ দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। এর কিছুক্ষণ পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এর সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট আগে পাইলট নেভিগেশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটির বিষয়টি জানিয়েছিলেন।

নিখোঁজ বিমানটি পরিচালনা করছিল করাচিভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কে-টু এয়ারওয়েজ। ২০১৮ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বুধবার এক বিবৃতিতে বিমানে থাকা পাঁচজন ক্রুর পরিচয় নিশ্চিত করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথোরিটি এবং অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি নিখোঁজ ক্রুদের নিরাপদে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া কামনা করেছে সংস্থাটি।

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪–এর প্রাথমিক তথ্যে দেখা গেছে, রাডার থেকে অদৃশ্য হওয়ার ঠিক আগে বিমানটির উচ্চতায় অস্বাভাবিক ওঠানামা লক্ষ্য করা যায়। এরপর এটি দ্রুতগতিতে খাড়াভাবে নিচের দিকে নামতে শুরু করে।

বিমানটির অবস্থান শনাক্তে পাকিস্তান নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সরকারি সংস্থা যৌথভাবে আরব সাগরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পাকিস্তানে সর্বশেষ বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে ২০২০ সালে। সে সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি যাত্রীবাহী বিমান করাচি বিমানবন্দরের কাছে অবতরণের সময় জনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ৯৯ আরোহীর মধ্যে ৯৭ জন নিহত হন।

এনএনবাংলা/