সাম্প্রতিক
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চাইলো সিআইডি বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার: ভারতের হাইকমিশনার দ. কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার ৯৫ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন: সিপিডি ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বললেন, ‘কার এত জ্বালা’ কলকাতায় ৪৮ ঘণ্টায় বন্ধ হয়ে গেল ২২১ হোটেল, বিপাকে কয়েক হাজার বাংলাদেশি পর্যটক রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
Skip to content

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ফ্রান্স-মরক্কো

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের পরাশক্তি ফ্রান্স ও আফ্রিকার অন্যতম সেরা দল মরক্কো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টনের ফক্সবরোর জিলেট স্টেডিয়াম (বোস্টন স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে থাকা ফ্রান্স শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে। কিলিয়ান এমবাপের পেনাল্টি থেকে করা একমাত্র গোলেই জয় তুলে নেয় দিদিয়ের দেশমের শিষ্যরা। অন্যদিকে কানাডাকে ৩-০ গোলে পরাজিত করে আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। গ্রুপ পর্বে তারা ব্রাজিলের সঙ্গে ড্র করার পাশাপাশি হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে।

এই ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনার কারণ, এটি ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পুনর্মিলনী। সেই আসরে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় লে ব্লুজরা।

অতীতের পরিসংখ্যানও ফরাসিদের পক্ষেই কথা বলছে। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত দুই দলের ছয়টি দেখায় চারবার জয় পেয়েছে ফ্রান্স, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। এখনো ফ্রান্সের বিপক্ষে জয়ের দেখা পায়নি মরক্কো।

চলতি বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে ফ্রান্স। গতি, অভিজ্ঞতা এবং স্কোয়াডের গভীরতা তাদের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুতগতির কাউন্টার অ্যাটাক এবং কার্যকর আক্রমণভাগ দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখছে মরক্কো। ব্রাহিম দিয়াজ ও আশরাফ হাকিমির নেতৃত্বে গড়া আক্রমণভাগ ফ্রান্সের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুশ্চিন্তায় রয়েছে মরক্কো শিবির। দলের গুরুত্বপূর্ণ উইঙ্গার ইসমাইল সাইবারি হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে চোট পাওয়ার পর থেকেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। মরক্কো ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, কোয়ার্টার ফাইনালে তার খেলা অনিশ্চিত। সাইবারি না খেলতে পারলে আক্রমণভাগে বড় ধাক্কা খেতে পারে আটলাস লায়ন্সরা।

এদিকে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন আর্জেন্টিনার অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেলো। তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গাব্রিয়েল চাদে। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি থাকবেন ক্রিস্টিয়ান নাভারো।

নকআউট পর্বে এখন পর্যন্ত দারুণ ধারাবাহিকতা ধরে রেখেছে দুই দলই। পাঁচ ম্যাচে ১৪ গোল করেছে ফ্রান্স, যার সাতটিই অধিনায়ক কিলিয়ান এমবাপের পা থেকে এসেছে। গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থেকে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মরক্কো।

কোচ মোহাম্মদ ওয়াহবির অধীনে টেকনিক্যাল দক্ষতা, শারীরিক সামর্থ্য ও কৌশলগত শৃঙ্খলার সমন্বয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে মরক্কো। তবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও নিজের দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী।

সবকিছু মিলিয়ে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কোর এই লড়াই। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলই মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।

এনএনবাংলা/