




দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালু, বার্ষিক নবায়ন প্রক্রিয়া বাতিল এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিতের দাবিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষস্থানীয় নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের সম্পাদক ও প্রকাশকেরা।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অনলাইন গণমাধ্যম খাতের বিদ্যমান সংকট, সম্ভাবনা এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদও উপস্থিত ছিলেন।
বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সরকার চিহ্নিত করেছে। মতপ্রকাশের স্বাধীনতা ও বিদ্যমান আইনি কাঠামো বজায় রেখে অনলাইন গণমাধ্যমকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ খাতকে আরও কার্যকর নীতিগত সহায়তা দেওয়ার বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকতার নামে সব কর্মকাণ্ড প্রকৃত সাংবাদিকতা নয়। সরকার আইন প্রয়োগের পাশাপাশি এমন পরিবেশ তৈরি করতে চায়, যাতে গুজব ও অপতথ্য ছড়ানোর সঙ্গে জড়িতরা স্বাভাবিকভাবেই নিরুৎসাহিত হয় এবং এ খাতে প্রবেশের সুযোগ না পায়।
বৈঠকে সম্পাদকদের পক্ষ থেকে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপন চালুর বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। এ-সংক্রান্ত শীর্ষ ১৩টি নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের সম্পাদক-প্রকাশকের স্বাক্ষরিত একটি যৌথ চিঠি তথ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
সম্পাদকদের লিখিত প্রস্তাবে উল্লেখ করা হয়, বর্তমানে দেশে ২৮২টি নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল রয়েছে এবং আরও কয়েকশ আবেদন প্রক্রিয়াধীন। অন্যদিকে নিবন্ধন ছাড়াই হাজারো ওয়েবসাইট সংবাদ প্রকাশ করায় সাধারণ পাঠকের জন্য নিবন্ধিত ও অনিবন্ধিত প্ল্যাটফর্ম আলাদা করা কঠিন হয়ে পড়ছে। ফলে বিভ্রান্তি বাড়ছে এবং দায়িত্বশীল সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে।
প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ বলেন, নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপন প্রদান, বার্ষিক নবায়ন প্রক্রিয়া বাতিল এবং লাইসেন্স ফি-সংক্রান্ত বিষয়গুলো মিডিয়া কমিশনের সুপারিশেও অন্তর্ভুক্ত রয়েছে। আলোচনার মাধ্যমে এসব বিষয়ে ইতিবাচক সমাধান আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জাগো নিউজ ২৪-এর সম্পাদক জিয়াউল হক, ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু, সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুস, বাংলা নিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের প্রকাশক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায়সহ অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকেরা।
এনএনবাংলা/
Tags: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালসরকারি বিজ্ঞাপন
এ সম্পর্কিত আরও পড়ুন