



বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি জানান, এ লক্ষ্যে দেশের বন্যাকবলিত এলাকায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলার কৃষিজমি, ফসল ও কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের বীজ, সার, কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত কৃষিকাজে ফিরতে পারেন।
তিনি আরও বলেন, কৃষকের উৎপাদন অব্যাহত রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় আন্তরিক। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের লুটপাটের সংস্কৃতির প্রভাব এখনও অনেকের মধ্যে রয়ে গেছে। তবে সবাইকে বুঝতে হবে, প্রধানমন্ত্রী নিজেই বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়মিত তদারকি করেন। তাই এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/
Tags: আমিনুর রশিদ ইয়াসিনকৃষিমন্ত্রী
এ সম্পর্কিত আরও পড়ুন