সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

ইরানের হাতে নিহত হলে তেহরানকে গুঁড়িয়ে দেয়ার নির্দেশ ট্রাম্পের

ইরানের হামলায় নিজের মৃত্যু হলে তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক অভিযান চালানোর আগাম নির্দেশনা দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের ওপর এমন মাত্রার বোমাবর্ষণ চালানো হবে, যা দেশটি আগে কখনো দেখেনি।

ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ট্রাম্পকে হত্যার নতুন ইরানি পরিকল্পনার খবর প্রকাশের পরই এ ধরনের কড়া হুঁশিয়ারি দেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরান বহু বছর ধরেই তাকে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে তিনি ইরানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় তাকে হত্যার আহ্বানসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনাও তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকারের শেষ দিকে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, এমন কিছু ঘটলে আপনারা আমার শূন্যতা অনুভব করবেন।’

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে হত্যার নতুন একটি সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ইসরায়েলি গোয়েন্দাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র ওই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পের বিরুদ্ধে সম্ভাব্য হুমকির বিষয়ে ওয়াশিংটনও বিভিন্ন গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে ইসরায়েলের কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্যকে নতুন এবং তুলনামূলকভাবে বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই এই গোয়েন্দা তথ্য সামনে আসায় দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে।

এনএনবাংলা/