Skip to content

Upcoming
France
0-0
Spain
Source: ESPN

বেলিংহ্যামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড, নিষ্প্রভ হালান্ডের বিদায়

ছবি: সংগৃহীত

ব্রাজিলকে বিদায় দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের স্বপ্ন শেষ পর্যন্ত থেমে গেল ইংল্যান্ডের কাছে। রোববার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে গোল করা আর্লিং হালান্ড এদিন ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। বরং তার অপ্রয়োজনীয় এক ফাউলের কারণে নরওয়ের একটি গোল বাতিল হয়ে যায়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। তবে বলের দখলে পিছিয়ে থেকেও প্রথম গোলের দেখা পায় নরওয়ে। ৩৬তম মিনিটে টুর্নামেন্টে মাত্র দ্বিতীয়বারের মতো শুরুর একাদশে সুযোগ পাওয়া আন্দ্রেয়াস শেলদেরুপের শট ডান দিকের পোস্টে লেগে জালে জড়ায় এবং এগিয়ে যায় স্ক্যান্ডিনেভিয়ানরা।

যদিও সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নরওয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে দুর্দান্ত সমতাসূচক গোল করেন জুড বেলিংহ্যাম। ফলে বিরতিতে দুই দল সমতায় মাঠ ছাড়ে।

নির্ধারিত ৯০ মিনিটেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ইংল্যান্ডকে জয় এনে দেন বেলিংহ্যাম। মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক নিলান্ড সহজেই তালুবন্দি করবেন বলে মনে হলেও বলটি তার হাত ফসকে বেরিয়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে ফিরতি বলে পা ছুঁইয়ে জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।

ম্যাচের প্রথমার্ধে বলের দখলে পিছিয়ে ছিল নরওয়ে। তবে বিরতির পর ধীরে ধীরে তারা ম্যাচে ফিরে আসে এবং শেষ পর্যন্ত ৫২ শতাংশ বলের দখল ধরে রাখে। কোয়ার্টার ফাইনালে অভিষেক হওয়া দলটি ম্যাচে মোট ১৩টি শট নিলেও ইংল্যান্ড ১৪টি শটের মধ্যে ৮টিই লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

নরওয়ে ৫৬তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ তৈরি করেছিল। কর্নার থেকে আসা বলে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের প্রতিহত করা বল ফিরতি শটে জালে পাঠান টরবিয়র্ন হেগেম। তবে ভিডিও রিভিউতে দেখা যায়, বক্সের ভেতরে ইলিয়ট অ্যান্ডারসনকে অপ্রয়োজনীয়ভাবে ধাক্কা দিয়ে ফাউল করেছিলেন আর্লিং হালান্ড। সে কারণেই গোলটি বাতিল করা হয়।

এর আগেই প্রথমার্ধে হালান্ডের কাছ থেকে নিশ্চিত একটি গোল অসাধারণ সেভে ফিরিয়ে দেন পিকফোর্ড। এছাড়া বেলিংহ্যামের সমতাসূচক গোলের ঠিক আগে নরওয়ের একটি গোল কিক থেকে আসা বলটি মাঠে পড়ার আগে আকাশে ঝুলন্ত ক্যামেরার তারে স্পর্শ করেছে বলে মনে হয়। নিয়ম অনুযায়ী বলটি তারে লেগেছে বলে নিশ্চিত হলে খেলা থামিয়ে ড্রপ বলের মাধ্যমে পুনরায় খেলা শুরু করার কথা ছিল।

চলতি বিশ্বকাপে এবারই প্রথম কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হন আর্লিং হালান্ড। গোল্ডেন বুটের দৌড়ে থাকা ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার সাত গোল নিয়ে টুর্নামেন্ট শেষ করেন এবং অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তাকে তুলে ইয়র্গেন স্ট্রান্ড লারসেনকে মাঠে নামান নরওয়ের কোচ।

অন্যদিকে বেলিংহ্যাম টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ছয়ে নিয়ে গেছেন। জাতীয় দলের সতীর্থ হ্যারি কেইনের সঙ্গে তিনি এখন যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও আর্জেন্টিনার লিওনেল মেসি, দুজনেরই গোল আটটি। এর আগে শেষ ষোলোতে সহ-আয়োজক মেক্সিকোর বিপক্ষেও জোড়া গোল করেছিলেন বেলিংহ্যাম।

প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ে তাদের ‘ভাইকিং রো’ উদযাপন এবং ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার স্ট্রাইকার আর্লিং হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে পুরো টুর্নামেন্টজুড়ে আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ম্যাচের শেষদিকে মরিয়া চেষ্টা চালিয়েও সমতা ফেরাতে ব্যর্থ হয় নরওয়ে, আর তাতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড।

এনএনবাংলা/