Skip to content

Upcoming
France
0-0
Spain
Source: ESPN

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

ছবি: সংগৃহীত

আষাঢ়ের শেষ প্রহরে রাজধানীতে নেমেছে টানা বর্ষণ। গত গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ভোরের দিকে রূপ নেয় মুষলধারে বর্ষণে। বিরামহীন বৃষ্টির সঙ্গে আকাশজুড়ে বজ্রগর্জন চলতে থাকায় রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃষ্টির কারণে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটগামী নতুন সড়ক, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, কালশী, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড়, কালাচাঁদপুর, বারিধারা সংযোগ সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে টানা বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলের উদ্দেশে বের হওয়া মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। শেষ আষাঢ়ের এই বর্ষণে রাজধানীর অনেক অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় চলাচল যেন সাঁতার কাটার মতো দুরূহ হয়ে উঠেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে একদিনে সর্বোচ্চ। আর গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাত হয়েছে ৯৭ মিলিমিটার। সংস্থাটি আরও জানায়, আজ সারাদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অবিরাম বর্ষণের ফলে নগরীর অসংখ্য সড়ক, অলিগলি ও নিচু এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবীসহ সাধারণ পথচারীদের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর সমান পানি জমে থাকায় যান চলাচলেও দেখা দিয়েছে বড় ধরনের বিঘ্ন। ফলে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে হাজারো মানুষকে।

বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া অধিকাংশ মানুষ ঘরের বাইরে বের হননি। পাশাপাশি সড়কে গণপরিবহনের সংখ্যাও ছিল খুবই কম। জরুরি কাজে কারওয়ান বাজার থেকে গুলশানের উদ্দেশে রওনা হওয়া আব্দুস সালাম জানান, ভোর থেকেই টানা ভারী বৃষ্টি হচ্ছিল। রাস্তায় মানুষ ও যানবাহন দুটোরই উপস্থিতি ছিল কম। কারওয়ান বাজার থেকে গুলশান পর্যন্ত আসার পথে একাধিক এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখেছেন তিনি। তার ভাষায়, এসব জলাবদ্ধতা স্বাভাবিক যাতায়াতকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে কাজীপাড়া মেট্রো স্টেশনের উভয় পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নাগরিকদের দুর্ভোগ কমাতে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এনএনবাংলা/