কনসার্টে বোতল নিক্ষেপে শিল্পীদের ক্ষোভ, হাসান বললেন ‘কিছু মনে করিনি’

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গান পরিবেশন করতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় ব্যান্ড আর্ক–এর ভোকালিস্ট হাসান।
মঞ্চে পারফর্ম করার সময় তাকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নব্বই দশকের জনপ্রিয় এই শিল্পীর সঙ্গে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। সংগীতাঙ্গনের শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও মঞ্চে পারফর্ম করা শিল্পীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে মাইক্রোফোন হাতে গান পরিবেশন করছিলেন হাসান। হঠাৎ তার দিকে একটি বোতল ছুড়ে মারা হয়, যা তার শরীরে আঘাত করে। এতে কিছুক্ষণ অপ্রস্তুত হয়ে পড়লেও অল্প সময়ের মধ্যেই তিনি আবারও পারফরম্যান্স শুরু করেন।
ঘটনার প্রতিবাদ জানিয়ে সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ সামাজিক মাধ্যমে লিখেছেন, “গতকাল মঞ্চে যখন শিল্পী হাসান ব্যান্ড নিয়ে গান করছিলেন, তখন তাকে বোতল ছুড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্যে অনুষ্ঠানে ছিল? এদের প্রত্যেককে দাগযুক্ত করুন। মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো সফল আয়োজনের প্রধান শর্ত। এ দায়িত্ব কি আয়োজক ঠিকমতো পালন করেছে?”
প্রিন্স মাহমুদের পোস্টের মন্তব্যে সংগীত পরিচালক মীর মাসুম লেখেন, “সকল ধরনের পাবলিক শো বয়কট করার এখনই সময়। এ জাতি ঠিক হবে না কোনোদিন। দিন দিন অধঃপতন হচ্ছে, আগে যা ছিল, সে পথ আরও ত্বরান্বিত হয়েছে।”
কণ্ঠশিল্পী রন্টি দাসও ক্ষোভ প্রকাশ করে লেখেন, “আমার ৩৬ বছর বয়সে আমি এমন দেখিনি। ঘটনা ঘটার পর যিনি স্টেজে এসে পরিস্থিতি সামলাতে চেয়েছেন, তিনি উল্টো ওই বেয়াদব ছেলেদের দিকে তাকিয়ে হাতজোড় করেছেন। হাতজোড় করা উচিত ছিল পাশে দাঁড়িয়ে থাকা কিংবদন্তি শিল্পীর কাছে। ছি ছি।”
ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকে বোতল নিক্ষেপকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে পুরো ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়ায় হাসান সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমি কিছু মনে করিনি, হয়তো কেউ ভুল করে ফেলেছে! ভবিষ্যতে আর কারও ওপর যেন এ রকম না হয়—এই কামনা রইল।”
তার এই প্রতিক্রিয়ার প্রশংসা করে মন্তব্যঘরে এক অনুরাগী লেখেন, “চিন্তা করেন কতটা বিনয়ী হলে এত বড় একজন গুণী শিল্পী এমনভাবে উত্তর দিয়েছেন। তাহলে বোঝেন তার মনটা কেমন। তোদের হয়ে আমরা ক্ষমা চাচ্ছি প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের কাছে।”
ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে হাসান লেখেন, “গানই আমাদের ভাষা। স্টেজই আমাদের ঘর। দর্শকই আমাদের শক্তি।” একই সঙ্গে তিনি যোগ করেন, “আমরা বাজাই। আমরা গাই। আমরা রক করি। শো মাস্ট গো অন!”
এনএনবাংলা/
