এসএসসি ও সমমানের ফল কাল সকাল ১০টায়, জানা যাবে যেভাবে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামীকাল সোমবার। সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে।
ওয়েবসাইটে যেভাবে এসএসসি ও সমমানের ফল দেখবেন
শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করবেন। এরপর Year অপশন থেকে পরীক্ষার বছর ২০২৬ নির্বাচন করতে হবে। নির্দিষ্ট বোর্ড নির্বাচন করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে দিতে হবে। সবশেষে নিরাপত্তা ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।
এসএমএসে যেভাবে ফল জানা যাবে
এসএসসি পরীক্ষার ফল এসএমএসের মাধ্যমেও জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে পাঠাতে হবে 16140 নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য
মাদ্রাসা শিক্ষার্থীদের ফল পেতে আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের জন্য Dakhil <Board Name [First 3 Letter]> <Roll> <Year> লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে উদাহরণ: Dakhil MAD 123456 2026 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পৌঁছে যাবে।
কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য
কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি সমমান পরীক্ষার ফল এসএমএসে জানতে SSC Board Name (First 3 Letters) Roll Year লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: SSC TEC 123456 2026 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে পারবেন।
এবার এসএসসি ও সমমানে পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। ২০ মে পর্যন্ত চলে তত্ত্বীয় পরীক্ষা। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এনএনবাংলা/
