সাম্প্রতিক
আগামী সপ্তাহে দুদিনের সফরে ভারত যেতে পারেন তারেক রহমান রাজধানীতে অঞ্চলভিত্তিক চলবে ব্যাটারিচালিত রিকশা, থাকছে লাইসেন্স-নিবন্ধন দ্বিতীয় দিনেও বাংলাদেশের হাসি, দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া গ্যাস সংকটে ভারী শিল্পে উৎপাদন বন্ধ ঢাকা বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার পর আশিয়ানের নজরুলের ব্যাগে মিলল ৩১ রাউন্ড গুলি বিএনপির ৪৮ বছরে মহাসচিব যারা, কে কতদিন দায়িত্বে ছিলেন ঋণের চাপে সরকারি বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটে মুসলিম ব্রাদারহুড, নেতৃত্বে তীব্র কোন্দল ভারতের জায়গায় ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ!
Skip to content

সম্মানসূচক ডক্টরেট পেলেন রানী মুখার্জি

রানী মুখার্জি সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করছেন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লেটার্স’ (D.Litt.) ডিগ্রি পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। সিনেমায় সাবলীল অভিনয়, চলচ্চিত্রকে সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে ব্যবহার এবং বিভিন্ন মানবিক উদ্যোগে পাশে থাকার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

সম্প্রতি লা ট্রোব ইউনিভার্সিটির পক্ষ থেকে রানী মুখার্জির হাতে সম্মানসূচক এই ডিগ্রি তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টি থেকে এ স্বীকৃতি অর্জনকারী দ্বিতীয় ভারতীয় তারকা হলেন রানী। এর আগে ২০১৯ সালে বলিউড অভিনেতা শাহরুখ খানকে এই মর্যাদাপূর্ণ সম্মান দিয়েছিল বিশ্ববিদ্যালয়টি।

সম্মানসূচক ডক্টরেট প্রাপ্তিকে জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে উল্লেখ করে রানী মুখার্জি জানান, ক্যারিয়ারে কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি সব সময় নিজের পছন্দকে প্রাধান্য দিয়েছেন। তার ভাষায়, ‘আমার সিনেমার গল্প ও চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আমি সেগুলোকেই বেছে নিয়েছি, যেগুলো আমাকে ব্যক্তিগতভাবে নাড়া দিয়েছে, যে গল্পগুলো বলা প্রয়োজন ছিল এবং যা মানুষকে অনুপ্রাণিত করতে পারে। ক্যামেরার সামনে পারফর্ম করার বাইরেও একজন শিল্পীর বড় দায়বদ্ধতা থাকে। অজান্তেই আমরা আমাদের সংস্কৃতির দূত হয়ে উঠি।’

বিশ্বমঞ্চে ভারতীয় সংস্কৃতির প্রভাব তুলে ধরে রানী আরও বলেন, ‘আমার সিনেমা যদি একজন মানুষকেও ভারত এবং ভারতের নারীদের আরও একটু ভালোভাবে বুঝতে সাহায্য করে কিংবা মানুষের মনে সহানুভূতির জন্ম দিতে পারে, তবে আমি মনে করব, একজন অভিনয়শিল্পী হওয়ার চেয়েও বড় দায়িত্ব পালন করতে পেরেছি।’

তিন দশকের অভিনয়জীবনে ‘ব্ল্যাক’, ‘হাম তুম’, ‘বান্টি অউর বাবলি’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘হিচকি’, ‘মারদানি’ এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র মতো সিনেমায় অভিনয় করেছেন রানী মুখার্জি।

নিজের দীর্ঘ ক্যারিয়ারের কথা স্মরণ করে তিনি বলেন, ‘যখন সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম, তখনো ভাবিনি একদিন আমার অভিনীত কাজ বিশ্বজুড়ে পৌঁছে যাবে। আমি এমন সব নারীর চরিত্রে অভিনয় করতে পেরে ভাগ্যবান, যারা মন খুলে হেসেছে, গভীরভাবে ভালোবেসেছে, নির্ভয়ে যুদ্ধ করেছে এবং কখনো নিজেদের ওপর বিশ্বাস হারায়নি। প্রতিটি চরিত্র আমাকে কিছুটা হলেও বদলে দিয়েছে। আমাকে কেবল একজন ভালো অভিনেত্রী নয়, বরং একজন ভালো মানুষ হতে শিখিয়েছে।’

অন্যদিকে, ১৩ থেকে ২৩ আগস্ট পর্যন্ত আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের চলতি আসরে বিশ্বমঞ্চে ভারতীয় চলচ্চিত্রকে পৌঁছে দেওয়া এবং কালজয়ী সব চরিত্র উপহার দেওয়ার জন্য বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে রানী মুখার্জিকে।

এনএনবাংলা/