কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যে জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।
সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় তিনি পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছাবেন এবং সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন, দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান, দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত-ভিক্ষু-পাদরিসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
এনএনবাংলা/এফএস
