বিয়ের গুঞ্জনে ক্ষুব্ধ পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন নতুন নয়। বিভিন্ন সময়ে নানা ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে বিয়ের খবর ছড়িয়েছে। এবার এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়ে গেছে—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে গুঞ্জন জোরালো হওয়ার পর অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী।
শুধু বিয়ের গুঞ্জন উড়িয়ে দেওয়াই নয়, ভবিষ্যতে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন পূজা চেরি।
সোমবার (১৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেন তিনি।
পূজা চেরি বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, এ ধরনের সংবাদ তার জন্য ‘অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক’।
নিজের বিয়ে নিয়ে আগেই স্পষ্ট করেছিলেন পূজা
এর আগে দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে পূজা চেরি জানান, নিজের বিয়ের বিষয়ে তিনি আগেই পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, তিনি এনগেজড এবং পারিবারিকভাবেই তার বিয়ে ঠিক করা হয়েছে।
পূজা বলেন, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই আনন্দের সঙ্গে বিষয়টি সবাইকে জানাবেন। তার বিয়েতে লুকানোর মতো কিছু নেই বলেও স্পষ্ট করেছিলেন অভিনেত্রী।
এবারের গুঞ্জন সরাসরি নাকচ করে পূজা চেরি বলেন, বর্তমানে তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই তাকে ক্যামেরার সামনে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে।
তবে কোনো তথ্য যাচাই না করে বারবার তাকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশের পেছনে উদ্দেশ্য কী—তা তার বোধগম্য নয় বলে জানান তিনি।
‘আমার এখনো বিয়ে হয়নি’
বিয়ের গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করে পূজা চেরি বলেন, তার এখনো বিয়ে হয়নি। ভবিষ্যতে বিয়ে হলে গণমাধ্যম ও ভক্তদের আগে নিজেই বিষয়টি জানাবেন বলেও জানান তিনি।
অভিনেত্রী বলেন, তার ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকারকে সম্মান করা উচিত। অনুমতি ছাড়া কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করেন তিনি।
এ প্রসঙ্গে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের কথা উল্লেখ করেন পূজা। তার দাবি, প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা, ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার কথাও উল্লেখ করেন তিনি।
প্রয়োজন হলে আইনি ব্যবস্থা
ভিত্তিহীন সংবাদ প্রকাশ বন্ধ না হলে নিজের আইনি অধিকার রক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে পূজা চেরি বলেন, তিনি সবসময় দর্শক-ভক্তদের ভালোবাসা এবং গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান করে এসেছেন। তবে তার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার করেন, তাহলে তিনি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হবেন।
একই সঙ্গে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। অসত্য সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে সবার প্রতি ভালোবাসা ও শুভকামনাও জানান তিনি।
‘পোড়ামন টু’ দিয়ে পরিচিতি, হাতে নতুন সিনেমা
‘পোড়ামন টু’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে দর্শকের কাছে পরিচিতি পান পূজা চেরি। এরপর বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাসুদ রানা’। বর্তমানে তার হাতে রয়েছে ‘ক্যাশ’, ‘নাকফুল’ ও ‘দরদরিয়া’ সিনেমা। নতুন কাজের প্রস্তুতির কারণেই বর্তমানে ক্যামেরার সামনে তার উপস্থিতি কম বলে জানিয়েছেন পূজা চেরি।
এনএনবাংলা/

