সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

৯ মাস পর কারাগারে বোন ও স্ত্রীর দেখা পেলেন ইমরান খান

স্ত্রী বুশরা বিবির সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। ছবি: সংগৃহীত

শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ ৯ মাস পর বোন ও স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

আদালতের নির্দেশে সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের অনুমতি পাওয়ার পর মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।

২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় বর্তমানে তিনি ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, আদালতের নির্দেশের পর চলতি বছরে প্রথমবারের মতো ইমরানের সঙ্গে তার বোন নওরীন নিয়াজির সাক্ষাৎ হয়। প্রায় ১৫ মিনিটের এই সাক্ষাৎ কারাগারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এ সময় তারা ইমরানের স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

নওরীন তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্তের বিষয়েও জানান।

তবে সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়েছে, পরিবারের সদস্য বা স্বজনদের সঙ্গে এই সাক্ষাৎকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করা হলে ইমরান খানকে দেওয়া সাক্ষাতের সুবিধা বাতিল করা হবে।

নিরাপত্তা ও আদালতের বিধিনিষেধের কারণে ইমরানের অন্য দুই বোন আলীমা খান ও উজমা খান এবং ফুফাতো ভাই কাসিম জামানকে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। একইভাবে পিটিআইয়ের কোনো রাজনৈতিক নেতাকেও এদিন সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।

পাকিস্তানি দৈনিক ‘এক্সপ্রেস ট্রিবিউন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আদিয়ালা কারাগারে আলাদাভাবে বন্দি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি কনফারেন্স রুমে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট কথা বলেন।

এদিন বুশরা বিবিও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাবেক স্বামী খাওয়ার মানেকার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইমরান খানকে বিয়ে করেন বুশরা বিবি। মঙ্গলবার তিনি প্রথম সংসারের দুই সন্তান মুসা মানেকা ও মুবাশশারা মানেকা এবং ননদ মেহেরুন্নিসার সঙ্গে দেখা করেন। তাদের পারিবারিক আলাপচারিতা প্রায় ৪০ মিনিট ধরে চলে।

এর আগে শীর্ষ আদালত ইমরান খানকে দুই দিনের মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে রেখে উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে।

একটি বেসরকারি হাসপাতালে ইমরানের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবিতে করা আবেদনের ওপর আগামী ১৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এনএনবাংলা/