গ্যাসের দাম বেশি, সরবরাহেও সংকট—স্বাভাবিক হতে লাগতে পারে ২ বছর

গ্যাসের সরবরাহ পূর্ণমাত্রায় স্বাভাবিক হতে এবং জ্বালানি খাতে ভালো অবস্থানে যেতে সরকারের প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গ্যাসের কার্গো সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে, তবে তা দ্রুত সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, বর্তমানে সহজে গ্যাস পাওয়া যাচ্ছে না এবং এর দামও অনেক বেশি চাওয়া হচ্ছে। চলমান গ্যাস সংকটে জনগণের দুর্ভোগের প্রতি সরকার সমব্যথী। তবে এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট। জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘দুই বছরের মতো অন্তর্বর্তী সরকার ছিল, তারাও স্থলভাগে গ্যাস অনুসন্ধানের চেষ্টা করেনি। তাদের সৌভাগ্য ছিল, তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়নি।’
গ্যাস সংকট মোকাবিলায় সরকারের সামনে দুটি বিকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকমের ভর্তুকি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব—সেই সিদ্ধান্তে আমাদের আসতে হবে।’
তিনি বলেন, জ্বালানি খাতে যথেষ্ট ভালো অবস্থানে যেতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। তবে এর অর্থ এই নয় যে, এই সময়ের মধ্যে দেশের পরিস্থিতি আগের সময়ের চেয়ে খারাপ থাকবে। বরং আগের চেয়ে খারাপ অবস্থায় দেশ থাকবে না।
গ্যাস সংকটের কারণ সম্পর্কে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, মোটা দাগে ব্যবস্থাপনায় কিছুটা অদক্ষতা থাকতে পারে। তবে যুদ্ধই বড় সমস্যা। তিনি আবারও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের দুই বছরে স্থলভাগে গ্যাস অনুসন্ধানের তেমন চেষ্টা হয়নি। সৌভাগ্যজনকভাবে ওই সময়ে মধ্যপ্রাচ্য সংকটেও পড়তে হয়নি তাদের।
জ্বালানি সংকট দ্রুত কাটিয়ে উঠতে পারলে দেশে নতুন নতুন বিনিয়োগ আসবে এবং বন্ধ হয়ে থাকা কারখানাগুলো আবার চালু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিবেদন সরকারের পক্ষ থেকে যাচাই-বাছাই করা হবে বলে জানান তিনি।
সাংস্কৃতিক কর্মকাণ্ডে উন্নতির দাবি
সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে সাংস্কৃতিক ক্ষেত্রে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা বাড়ানো ও তা ছড়িয়ে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো আগ্রহী ও মনোযোগী প্রধানমন্ত্রী বাংলাদেশ কখনও পেয়েছে কি না, তা নিয়ে সন্দেহ আছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘যতটুকু হয়েছে, আশা করি তা দ্রুত ঠিক করতে পারব।’
সরকারের বিরুদ্ধে ৪৬৪টি বড় অপতথ্য
এদিকে গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে প্রায় ৪৬৪টি বড় অপতথ্য প্রচার করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এসব অপতথ্য মোকাবিলায় আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। আইনিভাবে এসব অপতথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এনএনবাংলা/

