সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

ইউরোপের ৩ দেশ থেকে ফেরত এল ৪০ বাংলাদেশি

ছবি: নিউ নেশন মাল্টিমিডিয়া

বৈধ নথিপত্র না থাকায় ইউরোপের তিন দেশ থেকে ৪০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমিগ্রেশন সূত্র জানায়, ফেরত আসা ৪০ বাংলাদেশির মধ্যে ২৪ জন সাইপ্রাস, ১৫ জন গ্রিস এবং একজন বুলগেরিয়া থেকে ফেরত এসেছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে চার্টার্ড ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অধীন এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সংস্থার সহযোগিতায় ফেরত আসা বাংলাদেশিদের গ্রহণ করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের একটি দল। পরে ফিরে আসা প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়।

এ সময় বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এভসেক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বিশেষ ফ্লাইটে ইউরোপ থেকে ৪০ বাংলাদেশি ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রাথমিক কথাবার্তায় জানতে পেরেছি, তাদের সঙ্গে ইউরোপে থাকার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। ফলে তাদের ফেরত পাঠানো হয়েছে।’

শরিফুল হাসান জানান, দেশে ফিরে আসা প্রত্যেককে ২৯ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এতে মোট প্রায় ১১ লাখ ৬০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এ ছাড়া তাদের খাবার দেওয়া হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সহায়তা করা হয়েছে।

তিনি আরও জানান, ইউরোপ থেকে ফিরে আসা ৪০ বাংলাদেশির দীর্ঘমেয়াদি পুনর্বাসনে সহায়তার জন্য কাউন্সেলিং, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্র না থাকা বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সই করে। ওই ব্যবস্থার আওতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর তাদের দেশে ফেরত পাঠানো হয়।

উল্লেখ্য, এর আগে গত ২১ মে আরেকটি বিশেষ ফ্লাইটে ২৭ বাংলাদেশিকে ইউরোপ থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

এনএনবাংলা/