সাম্প্রতিক
Skip to content

সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে স্ত্রী রিমি ও দুই ছেলেসহ আটক করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার এসআই কালামের নেতৃত্বে পুলিশের একটি দল পটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। পরে আটক পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট নিখোঁজ হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। এরপর চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে সপরিবারে আটক করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে পিন্টু দাসকে ট্রাকে মালামাল তুলতে দেখা যায়। সেই ফুটেজের সূত্র ধরেই তার অবস্থান শনাক্ত করে সপরিবারে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি জানান, পিন্টুর সঙ্গে তার স্ত্রী রিমি ও দুই ছেলেও ছিলেন।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম গণমাধ্যমকে বলেন, দুই দিন ধরে অভিযান চালানোর পর শেষ পর্যন্ত সফল হয়েছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, ঋণের চাপের কারণে পিন্টু দাস সপরিবারে আত্মগোপনে যান। তাকে আটকের পর চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

পিন্টু দাসের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। দীর্ঘদিন ধরে তিনি চাঁদপুরে বসবাস করছেন এবং সেখানে তার আত্মীয়ের বাড়ি রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পিন্টু দাস প্রথমে একটি স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। পরে চাঁদপুর শহরের আখন্দ মার্কেটে নিজেই স্বর্ণের দোকান দেন। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ-ছয় মাস আগে তিনি আখন্দ মার্কেটে দোকান চালু করেন। এর আগে জোরপুকুরপাড় এলাকায় পাঁচ-ছয় বছর এবং নিউমার্কেটে প্রায় তিন বছর স্বর্ণের ব্যবসা করেছেন।

পিন্টু দাসের কুমিল্লা ও মুদাফফরগঞ্জ এলাকাতেও আত্মীয়-স্বজন রয়েছে বলে জানা গেছে।

এনএনবাংলা/