সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

বয়স বাড়ছে, স্বপ্ন নয়: বার্ধক্যকে দেখুন নতুন চোখে

ছাবি: বার্ধক্য জীবনের শেষ নয়, আরেকটি সুন্দর অধ্যায়
বয়স বাড়া জীবনের স্বাভাবিক নিয়ম। শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে একসময় সবাইকে বার্ধক্যে পৌঁছাতে হয়। অথচ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের মনেই একটা ভয় তৈরি হয়। মনে হয়, জীবনের ভালো সময়গুলো বুঝি ফুরিয়ে আসছে। নতুন কিছু শেখা, নতুন কাজ শুরু করা কিংবা নিজের পছন্দের কাজে যুক্ত হওয়ার সময় বুঝি আর নেই।
কিন্তু সত্যিই কি বয়স বাড়ার অর্থ জীবনের সম্ভাবনা কমে যাওয়া?
এই যে বয়স হলেই মানুষ আর আগের মতো কিছু করতে পারবেন না, এমন ধারণা পোষণ করা—এটাই এজিজম (Ageism) বা বয়সভিত্তিক বৈষম্যের অংশ। বয়সের কারণে কাউকে কম সক্ষম ভাবা, তাঁর সিদ্ধান্তকে গুরুত্ব না দেওয়া কিংবা নিজের বয়স নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করা—সবই এর অন্তর্ভুক্ত।
বয়স কি সত্যিই সক্ষমতার সীমা নির্ধারণ করে?

ছবি: সত্যিই কি বয়স বাড়ার অর্থ জীবনের সম্ভাবনা কমে যাওয়া?

বাস্তবতা হলো, বয়স বাড়লেই শেখার আগ্রহ, কাজের ক্ষমতা কিংবা নতুন কিছু করার সম্ভাবনা শেষ হয়ে যায় না। এর সুন্দর উদাহরণ গ্র্যান্ডমা মোজেস। যুক্তরাষ্ট্রের এই শিল্পী ৭৮ বছর বয়সে ছবি আঁকা শুরু করেন। পরে তাঁর আঁকা ছবি আন্তর্জাতিক পরিচিতি পায়। আবার ভারতীয় বংশোদ্ভূত ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং ৮৯ বছর বয়সে দৌড়ানো শুরু করেন। শতবর্ষ বয়সেও তিনি ম্যারাথনে অংশ নিয়েছেন।
তাঁদের জীবন আমাদের মনে করিয়ে দেয়, নতুন কিছু শুরু করার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। বয়স বাড়লেও মানুষের ইচ্ছা, আগ্রহ আর স্বপ্ন বেঁচে থাকতে পারে। তাই বয়সকে বাধা না ভেবে জীবনের অভিজ্ঞতা ও নতুন সম্ভাবনার অংশ হিসেবে দেখাই ভালো।
বয়স নিয়ে নেতিবাচক ভাবনা প্রভাব ফেলে মন ও শরীরে
গবেষণায় দেখা গেছে, বার্ধক্য সম্পর্কে আমাদের ধারণা শুধু মানসিক শান্তিই নষ্ট করে না, শারীরিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে।
সমাজে বয়স নিয়ে যেসব নেতিবাচক ধারণা প্রচলিত আছে, মানুষ অনেক সময় অজান্তেই সেগুলো নিজের মধ্যে ধারণ করতে শুরু করেন। যেমন, কেউ ভাবতে পারেন, এই বয়সে আর নতুন কিছু শেখা সম্ভব নয়। প্রযুক্তি ব্যবহার করা কিংবা নতুন কোনো কাজ শুরু করাও তাঁর পক্ষে কঠিন। একসময় এসব ভাবনা তাঁকে সত্যিই নতুন কিছু করার আগ্রহ থেকে দূরে সরিয়ে দেয়।
ফলে আত্মবিশ্বাস কমে, মানুষের সঙ্গে মেলামেশা কমে যায়, বাড়তে পারে একাকিত্ব। এভাবে বয়স নিয়ে নেতিবাচক ধারণা ধীরে ধীরে জীবনের ওপরও প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেকা লেভির একটি গবেষণায় দেখা গেছে, বার্ধক্য সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণকারীরা নেতিবাচক ধারণা পোষণকারীদের তুলনায় গড়ে সাড়ে সাত বছর বেশি বেঁচেছিলেন। অবশ্য এর অর্থ এই নয় যে শুধু ইতিবাচক চিন্তা করলেই আয়ু সাড়ে সাত বছর বেড়ে যাবে। বরং গবেষণাটি বয়স সম্পর্কে আমাদের বিশ্বাস ও দীর্ঘায়ুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেয়।
বয়স বাড়লেও জীবন থেমে থাকে না

ছবি: বয়স বাড়লেও জীবন থেমে থাকে না

বয়সের সঙ্গে শরীরে কিছু পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। পেশির শক্তি কমতে পারে, দৃষ্টিশক্তি বা শ্রবণশক্তিতে পরিবর্তন আসতে পারে, স্মৃতিশক্তিতেও কিছু পার্থক্য দেখা দিতে পারে। কিন্তু এসব পরিবর্তনের অর্থ এই নয় যে জীবনের আনন্দ কিংবা সম্ভাবনা শেষ হয়ে গেছে।
বরং বয়সের সঙ্গে মানিয়ে নিয়ে যতটা সম্ভব সক্রিয় থাকাই জরুরি। নিয়মিত হাঁটাচলা, শরীরচর্চা, বই পড়া, নতুন কিছু শেখা, পছন্দের কাজে সময় দেওয়া এবং বন্ধু-পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখা—এসব অভ্যাস সুস্থ বার্ধক্যে সহায়তা করতে পারে।
সবচেয়ে বড় কথা, বয়সের সংখ্যা দিয়ে নিজের সামর্থ্য বিচার করা উচিত নয়। আজও নতুন কিছু শেখা যায়, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায়, এমনকি নতুন করে স্বপ্ন দেখাও যায়।
প্রবীণদের পাশে থাকতে হবে পরিবার ও সমাজকেও
বয়স নিয়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলার দায়িত্ব শুধু ব্যক্তির নিজের নয়, এ দায়িত্ব পরিবার ও সমাজেরও।
আমাদের অনেক পরিবারেই বয়স্ক মানুষের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। তাঁদের হয়ে সব সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়। কখনো এমন আচরণ করা হয়, যেন বয়স বেড়ে যাওয়ায় তাঁরা আর নিজের ভালো-মন্দ বুঝতে পারেন না।
অথচ একজন প্রবীণ মানুষেরও নিজের মতো করে বাঁচার, পছন্দের কাজ করার, নতুন কিছু শেখার এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।
বয়স সম্পর্কে ভাবনা বদলাবেন যেভাবে

ছবি: বয়স সম্পর্কে ভাবনা বদলাবেন যেভাবে

বয়স নিয়ে নিজের মধ্যেই যদি কোনো নেতিবাচক ধারণা থাকে, তাহলে সেগুলো চেনা এবং বদলানোর চেষ্টা করা জরুরি। বেকা লেভি তাঁর Breaking the Age Code বইয়ে এ বিষয়ে ABC পদ্ধতির কথা বলেছেন।
●A — Awareness (সচেতনতা): বয়স নিয়ে নিজের মনে কী ধরনের নেতিবাচক ধারণা রয়েছে, তা আগে বুঝতে হবে। যেমন, বেশি বয়সে নতুন কিছু শেখা যায় না—এমন বিশ্বাস নিজের মধ্যে আছে কি না, খেয়াল করুন।
●B — Blame (দায় নির্ধারণ): কোনো কাজ করতে অসুবিধা হলেই বয়সকে দায়ী করবেন না। সমস্যার পেছনে শারীরিক অবস্থা, পরিবেশ, সুযোগের অভাব কিংবা সামাজিক বৈষম্য কাজ করছে কি না, তা বোঝার চেষ্টা করুন।
●C — Challenge (চ্যালেঞ্জ): বয়স নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণাগুলোকে প্রশ্ন করুন। ষাটের পর কি নতুন কিছু শেখা যায় না? সত্তরের পর কি নতুন কাজ শুরু করা যায় না? বাস্তব উদাহরণ ও নিজের অভিজ্ঞতা দিয়ে এসব ধারণাকে চ্যালেঞ্জ করুন।
এই ছোট ছোট পরিবর্তন বয়স সম্পর্কে আমাদের চিন্তাভাবনাকে আরও ইতিবাচক করে তুলতে পারে।
বার্ধক্য জীবনের শেষ নয়, আরেকটি সুন্দর অধ্যায়
আমরা সবাই দীর্ঘদিন বাঁচতে চাই। কিন্তু বয়স বাড়ার বিষয়টি সহজে মেনে নিতে পারি না। তারুণ্য ধরে রাখার জন্য কত কিছুই না করি! অথচ জীবনের এই স্বাভাবিক অধ্যায়টিকে সুন্দরভাবে গ্রহণ করার কথা অনেক সময় ভাবি না।
মনে রাখতে হবে, দীর্ঘ জীবন মানে শুধু বেশি বছর বেঁচে থাকা নয়; সেই বছরগুলো কতটা সুস্থ, আনন্দময় ও অর্থবহ করে তুলতে পারছি, সেটিও গুরুত্বপূর্ণ।
বয়স বাড়লে জীবনের গতি কিছুটা বদলাতে পারে। আগের মতো সবকিছু হয়তো করা সম্ভব হবে না। কিন্তু ভালোবাসা, আনন্দ, নতুন কিছু শেখা কিংবা স্বপ্ন দেখার সুযোগ তো শেষ হয়ে যায় না।
তাই বয়সকে ভয় পাওয়ার বদলে তাকে আপন করে নিতে শিখুন। নিজের বয়স নিয়ে সংকোচ নয়, বরং জীবনের প্রতিটি অধ্যায়কে উপভোগ করার চেষ্টা করুন।
কারণ বয়স বাড়া জীবনের নিয়ম, কিন্তু বয়সের কারণে নিজেকে অক্ষম ভাবা কোনো নিয়ম নয়। সুন্দরভাবে বেঁচে থাকার কোনো নির্দিষ্ট বয়স নেই।
এনএনবাংলা/