চিনির বদলে গুড়, ভাতের পরিবর্তে ওটস খাওয়া কি ওজন কমানোর জন্য জরুরি?

ওজন কমাতে ভাত বাদ। খাচ্ছেন ওটস? সর্ষের তেলের বদলে কোল্ড প্রেস অয়েলেই ভরসা রাখছেন। মেদ গলাতে এই সব কিছু আদৌ জরুরি কি?
বাড়ছে কোমর-পেটের মেদ। তাই রোজের খাবারের তালিকায় বদল আনতে চাইছেন? বাদ পড়ছে ভাত, চা থেকে চিনিও। কিন্তু রোগা হওয়ার জন্য দীর্ঘদিনের অভ্যাস বদল কি এতটাও জরুরি?
ওজন কমাতে কী করা দরকার, তা নিয়ে সমাজমাধ্যমে অসংখ্য ভিডিয়ো। এক একজনের এক একরকম মত। একটি বেসরকারি হাসপাতালের পুষ্টিবিদ শাহেলা নাসরিন জানাচ্ছেন, খাবারের উপকরণ বদল বা ভ্রান্ত ধারণা বাদ দিয়ে পুষ্টিকর খাবারের সমন্বয় বজায় রাখতে পারলেই ওজন কমানো সম্ভব। পাশাপাশি, প্রয়োজন রক্তে শর্করার মাত্রা বশে রাখাও।
চিনির বদলে গুড় কি সত্যিই নিরাপদ?
অনেকেই চিনির বদলে গুড়কে স্বাস্থ্যকর মনে করেন। কিন্তু রক্তে শর্করা বৃদ্ধি এবং ক্যালোরির ক্ষেত্রে গুড় এবং চিনির প্রভাব প্রায় একই রকম। গুড়ে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। তাই পিসিওএস, ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবিটিস থাকলে চিনির বদলে গুড় খেলে বাড়তি লাভের সম্ভাবনা নেই। বরং চিনি এবং গুড় দু’টিই কম খাওয়া দরকার।

ছবি: সংগৃহীত
ভাত বাদ দিয়ে ওটস?
ওজন কমাতে বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভাত পুরোপুরি বাদ দিতে হবে, সে কথা মোটেই বলেন না পুষ্টিবিদেরা। বরং সাদা ভাতের পরিমাণ কিছুটা কমিয়ে পর্যাপ্ত ডাল, সব্জি এবং প্রোটিন জাতীয় খাবার (মাছ, মাংস, ডিম বা পনির) খেলেও চলবে।
রুটি এবং ভাজাভুজির মাপ
একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতি বেলায় ১ থেকে ২টি মাঝারি আকারের আটার রুটি যথেষ্ট। সঙ্গে অবশ্যই ডাল, সব্জি বা দই থাকতে হবে।
কোল্ড-প্রেসড তেল
কোল্ড-প্রেসড তেলে রান্না করা খাবার খেলেই কোলেস্টেরল বা সুগার কমে যাবে—এমন ধারণা ভুল। সব তেলেই যথেষ্ট ক্যালোরি থাকে। তাই দামি তেলের পিছনে না ছুটে প্রতিদিন রান্নায় তেলের মোট ব্যবহার কমানো এবং ছাঁকা তেলে ভাজা খাবার এড়িয়ে চলাই বেশি জরুরি বলছেন পুষ্টিবিদ।
উৎসবের দিনে মিষ্টি বা পছন্দের খাবার পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই। তবে খাওয়ার পর্যায়ক্রম মেনে চলা জরুরি। প্রথমে স্যালাড, সব্জি ও প্রোটিন দিয়ে শুরু করতে হবে। এরপর ভাত বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এই ভাবে খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমে। মিষ্টি খেলে অল্প পরিমাণে খাওয়াই ভাল।
এনএনবাংলা/এনজেড

