সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

প্রয়োজন বৃহত্তর অর্থনীতিতে এগিয়ে যাওয়ার পথ তৈরি করা

ছবি: ওয়ারেছা খানম প্রীতি

বাংলাদেশে নারী উদ্যোক্তা বাড়ছে। এটা আনন্দের বিষয়। আনন্দের বিষয়াদীর লেজ ধরে টানাটানি করতে নেই তারপরেও হালকাপাতলা একটু কথাবার্তা বলা যেতেই পারে। তো, বলছিলাম এইযে দেশে নারী উদ্যোক্তা বাড়ছে কিন্তু তাদের ব্যবসাপাতি কয়দিন টিকছে! আবার যারা টিকে যাচ্ছে তাদের ব্যবসা কতটা বড় হচ্ছে! আবার নানা জটিল অধ্যায়ের ফাঁকফোকর দিয়ে যারা বড় হয়ে গেল তাদের পুরো জার্নি কি স্মুথ ছিল! না থাকলে কী ধরণের ঝক্কিঝামেলা পোহাতে হলো! এসব নিয়ে কথা হয় তবে বোঝাপড়া তেমন হয়না। মানুষ শুধু গল্প শুনতে চায়। সফলতার গল্প। একজন উদ্যোক্তা পাঁচশ টাকা দিয়ে ব্যবসা শুরু করে মিলিয়নিয়ার হয়েছেন, উদ্যোক্তাদের এসব গল্প মিডিয়া গোগ্রাসে গেলে। অর্থায়ন, বাজার, প্রযুক্তি, দক্ষতা এবং নারীদের সামাজিক বাঁধা নিয়েও পলিসি লেভেলে অনেক কথা হয়। সরকারী ও বেসরকারি বিভিন্ন সংস্থা ও এসোসিয়েশন কাজ করে, কিন্তু কেন যেন ঘটনাগুলোর প্যাঁচ খোলে না। এককভাবে দেখলে মনে হবে এটা একটা সিস্টেম, কিন্ত সামগ্রীকভাবে দেখলে সেটা রাস্তার পাশে ইলেট্রিসিটি পোলে ঝুলে থাকা তারের মতো।

বাংলাদেশের নারী উদ্যোক্তাদের মধ্যে কমফোর্ট জোনে থেকে কাজ করার প্রবণতা অনেক বেশি দৃশ্যমান। সেই গ্রামার মেনে তারা ফেসবুকভিত্তিক ব্যবসা, হস্তশিল্প, পোশাক, খাদ্য, লাইফস্টাইল পণ্য, কৃষিভিত্তিক উদ্যোগ এবং বিভিন্ন সেবা খাতে নারীরা নতুন নতুন ব্যবসা গড়ে তুলছেন। রাস্ট্র নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম নারীকে ব্যবসা শুরু করার পেছনে উদ্যোম যুগিয়েছে। তবে ব্যবসা শুরু করা আর ব্যবসাকে টেকসই প্রতিষ্ঠানে পরিণত করা এক বিষয় নয়। অনেক নারী উদ্যোক্তা বছরের পর বছর ব্যবসা পরিচালনা করেও ক্ষুদ্র পরিসর থেকে বের হতে পারেন না। তাদের পণ্য ভালো, ক্রেতাও আছে কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থ, দক্ষতা, বাজার এবং প্রাতিষ্ঠানিক সহায়তা নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য অনুযায়ী, দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মাত্র প্রায় ৩ শতাংশের নেতৃত্বে রয়েছেন নারী উদ্যোক্তা। এই তথ্য নারী উদ্যোক্তা উন্নয়নের সম্ভাবনা এবং সীমাবদ্ধতা দুটিই সামনে নিয়ে আসে।

তাহলে প্রশ্ন হলো, নারী উদ্যোক্তাদের ব্যবসা বড় হতে বাধা কোথায়? ব্যবসা আছে কিন্তু ব্যাংকের কাছে গ্রহণযোগ্যতা নেই। নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো অর্থায়ন। নারী উদ্যোক্তা তার নিজের সঞ্চয়, পরিবারের সহায়তা কিংবা পরিচিতজনের কাছ থেকে ধার নিয়ে ব্যবসা শুরু করেন। ব্যবসা কিছুটা বড় হলে প্রয়োজন হয় অতিরিক্ত মূলধন কিন্তু সেখানেই শুরু হয় নতুন সংকট। ব্যাংকঋণের জন্য প্রয়োজনীয় জামানত, ব্যবসার নিবন্ধন, আর্থিক বিবরণী, ব্যাংক লেনদেনের ইতিহাস এবং অন্যান্য কাগজপত্র বেশিরভাগ ক্ষুদ্র উদ্যোক্তার কাছেই থাকে না। ফলে ব্যবসার সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা প্রাতিষ্ঠানিক ঋণ পান না। আবার ঋণ পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেকে আবেদন করার আগেই পিছিয়ে যান। যদিও  নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ অর্থায়ন নীতি আছে। ব্যাংকগুলোতে নারী উদ্যোক্তা সহায়তা ডেস্ক স্থাপন এবং নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানোর নির্দেশনাও আছে। কিন্তু নীতিমালার সুবিধা প্রকৃত উদ্যোক্তার কাছে পৌঁছানো নিশ্চিত করাটা তো জরুরি। ব্যাংকগুলোকে নারী উদ্যোক্তাদের ব্যবসার ধরন ও বাস্তবতা বুঝে অর্থায়নের ব্যবস্থা করতে হবে। ডিজিটাল বিক্রয়, নিয়মিত লেনদেন এবং ব্যবসার প্রবৃদ্ধির তথ্যকে ঋণযোগ্যতা মূল্যায়নে গুরুত্ব দিতে হবে।

শুধু একটা ব্যবসাবান্ধব ও ব্যবসায়ীবান্ধব রাস্ট্র থাকলে ব্যবসা পরিচালনার জন্য অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজন পড়েনা। এমন রাস্ট্র চাই যার নীতি, আইন, প্রশাসনিক ব্যবস্থা ও অর্থনৈতিক পরিবেশ ব্যবসা প্রতিষ্ঠা, পরিচালনা, বিনিয়োগ এবং সম্প্রসারণকে সহজ ও উৎসাহিত করে। ব্যবসা নিবন্ধন ও লাইসেন্স প্রক্রিয়া সহজ করে। কর ও ভ্যাট ব্যবস্থা ব্যবসায়ীদের কাছে বোঝা না হয়ে যুক্তিসংগত হয়। বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে উৎসাহ যোগায়। অবকাঠামো, বিদ্যুৎ, পরিবহন ও ডিজিটাল সুবিধা নিশ্চিত করে। সেখানে ব্যবসায়িক সিদ্ধান্তে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা থাকেনা। ন্যায্য প্রতিযোগিতা ও ব্যবসার নিরাপত্তা নিশ্চিত হয়। সেইসাথে দেশি-বিদেশি বিনিয়োগ ও উদ্যোক্তা উন্নয়নে সহায়ক নীতিমালা থাকে।

তবে শুধু ব্যবসার খাতিরে কোটি কোটি নীতিমালা প্রণয়ন করলেই হয়না,ব্যবসায়ীদের নার্ভ বোঝার ক্ষমতা রাস্ট্রের থাকতে হয়। ব্যবসায়ীদের বাস্তব সমস্যা, প্রয়োজন, অধিকার ও সীমাবদ্ধতাকে গুরুত্ব দেয়া এবং ব্যবসা পরিচালনায়  প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা উচিত কারণ দেশের অর্থনৈতিক চালিকাশক্তি যাদের হাতে তাদের চলার পথ রুদ্ধ করে কখনো উন্নয়ন সম্ভব না। ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত আলোচনা ও মতবিনিময় প্রবণতা ব্যবসায়িক সমস্যাগুলোর দ্রুত সমাধান করে। এক্ষেত্রে বড় বড় ব্যবসায়ীরা সুযোগ পেলেও নারী উদ্যোক্তারা নিজেদের সমস্যার বিপরীতে কথা বলার সুযোগ পাননা বললেই চলে। নীতিনির্ধারণে ব্যবসায়ী সংগঠন ও নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ যেমন নিশ্চিত করা জরুরী তেমনি ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের মতামতকে অবশ্যই বিবেচনা করতে হবে। দিস্তার পর দিস্তা নথিপত্র যোগাড়যন্ত্র করার যে প্রশাসনিক হ্যাপা সেখান থেকে বের হয়ে এসে নারী উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করতে হবে।

একজন নারী উদ্যোক্তা যখন নিজের ব্যবসা শুরু করেন তখন তিনি শুধু পণ্য বিক্রি করেন না তিনি নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করেন, পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বাড়ান এবং সমাজে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। একজন উদ্যোক্তার ক্ষুদ্র যাত্রা এভাবেই একসময় বৃহত্তর অর্থনীতির অংশ হয়ে ওঠে। সেই নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে ছুঁড়ে দেয়া একটা বাক্য- আপনারা তো ঘরে বসে ব্যবসা করেন! যেন নারীর ঘর একটা ব্যবসা ভান্ডার। চিচিং ফাঁক বলামাত্র নারীর হাতে টাকা পড়তে থাকে। মূলত নারী উদ্যোক্তাদের উদ্যোগের পরিসর ও অর্থনৈতিক অবদানকে ছোট করে দেখার প্রবণতা থেকেই বাক্যটা ব্যবহার করা হয়। ব্যবসার মূল্যায়ন হওয়া উচিত উৎপাদন, বাজার, কর্মসংস্থান, আয় ও অর্থনৈতিক অবদানের ভিত্তিতে। ব্যবসাটি কোথায় পরিচালিত হচ্ছে, তার ভিত্তিতে নয়। একটি ঘরভিত্তিক উদ্যোগ হতে পারে একটি সম্ভাবনাময় ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রয়োজন শুধু সঠিক ব্যবসায়িক পরিবেশ, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, বাজার সংযোগ, আর্থিক সহায়তা এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ। আমাদের লক্ষ্য হওয়া উচিত নারী উদ্যোক্তাদের ঘর থেকে ব্যবসায়, ব্যবসা থেকে প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠান থেকে বৃহত্তর অর্থনীতিতে এগিয়ে যাওয়ার পথ তৈরি করা। কাজটা সহজ। যদি কঠিন হয় তবে ভাববেন সেটা অবশ্যই রাস্ট্রের দায়।

এনএনবাংলা/এনজেড