গয়নার ভেতর গল্প খুঁজে ফেরেন তাহমীনা শৈলী

২০১২ সালের গল্প। ফেসবুক তখনো আজকের মতো এতটা জনপ্রিয় নয়। অনলাইন ব্যবসার ধারণাও খুব বেশি পরিচিত হয়ে ওঠেনি। সেই সময় নিজের শখ ও ভালোবাসাকে পুঁজি করে হাতে তৈরি গয়নার ভিন্ন এক যাত্রা শুরু করেছিলেন তাহমীনা শৈলী। গয়নার প্রতি ভালো লাগা থেকেই নিজের হাতে গয়না তৈরি করে ফেসবুকের মাধ্যমে বিক্রি শুরু করেন। ছোট্ট সেই উদ্যোগই ধীরে ধীরে হয়ে ওঠে তাঁর নিজস্ব ব্র্যান্ড ’Shoilee Creative Studio’।

শৈলীর নকশায় গুরত্ব পায় প্রাণ-প্রকৃতি
শৈলীর গয়নার গল্পের শুরুটা কেবল ব্যবসার চিন্তা থেকে নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষ, সংস্কৃতি, প্রকৃতি, ভ্রমণ এবং চারপাশের পৃথিবীকে একটু অন্যভাবে দেখার অভ্যাস। দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ঐতিহ্যবাহী গয়না বরাবরই তাঁকে আকৃষ্ট করেছে। সেই আগ্রহ থেকেই পাহাড়ে পাহাড়ে ঘুরেছেন, স্থানীয় মানুষের সঙ্গে মিশেছেন, তাঁদের জীবনযাপন, অলংকারের ইতিহাস, নকশা ও নির্মাণকৌশল সম্পর্কে জানার চেষ্টা করেছেন। সেই অভিজ্ঞতাকে নিজের নকশার ভাষায় প্রকাশ করেছেন। মাটি, পুঁতি ও নানা দেশজ উপকরণ দিয়ে কাজ শুরু করে ধীরে ধীরে তাঁর গয়নার জগতে যুক্ত হয়েছে পিতল, সোনা, রুপাসহ বিভিন্ন উপাদান।

নানা মেটারিয়ালেরর গয়না তৈরী করেন শৈলী
২০১৪ সালে অনলাইন ব্যবসার পাশাপাশি প্রথম স্টুডিও চালু করেন তিনি। স্টুডিওটি তাঁর কাছে কেবল গয়না কেনাবেচার জায়গা নয়; বরং দীর্ঘদিনের কাজ, ভ্রমণের স্মৃতি, সংগ্রহ, নকশা ও সৃজনশীলতার এক মিলনস্থল।
এক যুগেরও বেশি সময় ধরে হাতে তৈরি গয়না নিয়ে কাজ করছেন তাহমীনা শৈলী। বর্তমানে তাঁর স্টুডিওর সঙ্গে যুক্ত রয়েছেন ৩৭ জন কর্মী। তবে নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও কাজ করছেন তিনি।
শৈলীর ডিজাইনের অনুপ্রেরণার জগৎ বেশ বৈচিত্রপূর্ণ। প্রকৃতি, মিথলজি, লোকগাঁথা, ঐতিহ্য থেকে শুরু করে নিত্যদিনের জীবনের একেবারে সাধারণ অনুষঙ্গ—সবকিছুই জায়গা করে নেয় তাঁর নকশায়। মাছ, ফুল, পাখি, বাঘ কিংবা প্রজাপতির মতো মোটিফ তাঁর গয়নায় বারবার ফিরে এসেছে। এসব মোটিফের কোনোটি প্রকৃতির সৌন্দর্য, কোনোটি শক্তি ও সাহসের প্রতীক, আবার কোনোটি লোকজ সংস্কৃতি ও কল্পনার সঙ্গে জড়িয়ে আছে। শুরু থেকে আজ পর্যন্ত এসব মোটিফ ক্রেতাদের কাছে সমান জনপ্রিয়। সময়ের সঙ্গে উপকরণ ও নির্মাণশৈলীতে পরিবর্তন এলেও এগুলোর আবেদন কমেনি।

শৈলী ক্রিয়েটিভ স্টুডিও এর বিশেষ ডিজাইনের গয়না
শৈলী চারপাশের পৃথিবীকে দেখেন একজন শিল্পীর চোখে। গয়না তৈরির ক্ষেত্রে তাঁর ভাবনাটিও কিছুটা ব্যতিক্রমী। সাধারণত গলার হার ও কানের দুল মিলিয়ে একটি নির্দিষ্ট সেট তৈরির নীতি শৈলীর শৈলীতে নেই। ক্রেতারা যেন আলাদা আলাদা গয়না থেকে নিজের মতো করে নিজেই গয়নার কম্বো বেছে নিতে পারেন, সেই সুযোগ রাখতে চান তিনি।
শৈলী লক্ষ করেছেন, তাঁর মানসিক অবস্থারও প্রভাব পড়ে গয়নার নকশায়। কখনো ডিজাইন হয়ে ওঠে জটিল, নানা উপকরণ ও রঙের সমন্বয়ে তৈরি হয় একাধিক স্তর। আবার কখনো নকশা হয় একেবারে সরল। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার ঘটনার পর তাঁর তৈরি গয়নাগুলোতে এক ধরনের জটিলতা ও অস্থিরতার ছাপ ছিল। অন্যদিকে ভ্রমণের বিষয় নিয়ে তৈরি গয়নাগুলোতে ছিল প্রকৃতির প্রভাব, সরলতা ও প্রশান্তি।
পত্রিকা, রেডিও ও টেলিভিশনে কাজ করেছেন তাহমীনা শৈলী। ফিচারে কাজ করেছেন, দীর্ঘ সময় রেডিও জকি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একসময় কথার মধ্য দিয়ে মানুষের কাছে গল্প পৌঁছে দিতেন। এখন সেই গল্পই যেন ফুটে ওঠে তাঁর তৈরি গয়নায়। তাঁর কাছে গয়না কেবল সাজের উপকরণ নয়, বরং অনুভূতি, অভিজ্ঞতা ও স্মৃতি প্রকাশের একটি মাধ্যম।

ছবি: গয়না বানাচ্ছেন শিল্পীরা
তবে ’Shoilee Creative Studio’-র গল্প শুধু একজন ডিজাইনার কিংবা উদ্যোক্তার বেড়ে ওঠার গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে আছে নারীদের দক্ষতা ও জীবিকার সুযোগ তৈরির প্রচেষ্টাও। নিয়মিত হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন শৈলী। গয়না তৈরির বিভিন্ন কৌশল, উপকরণ নির্বাচন, নকশা, কাটিং, ফিনিশিং এবং পণ্যের মান বজায় রাখার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের পণ্যকে বাজারের উপযোগী করে তোলার বিষয়েও শেখানো হয়। বিশেষ করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করার ক্ষেত্রে তাঁর লক্ষ্য, প্রশিক্ষণ যেন কেবল একটি সনদ বা কয়েক দিনের অভিজ্ঞতায় সীমাবদ্ধ না থাকে; বরং তা যেন তাঁদের জন্য উপার্জন ও স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করে।
বিভিন্ন এলাকায় নারীদের সঙ্গে কাজ করতে গিয়ে শৈলী দেখেছেন, অনেকের মধ্যেই রয়েছে অসাধারণ সৃজনশীলতা ও কাজ শেখার আগ্রহ। প্রয়োজন শুধু সুযোগ, সঠিক দিকনির্দেশনা এবং নিজের ওপর বিশ্বাস রাখার পরিবেশ। দেশীয় কারুশিল্পকে শুধু ঐতিহ্য হিসেবে সংরক্ষণ নয়, এর সঙ্গে যুক্ত মানুষদের জন্য টেকসই জীবিকার পথ তৈরি করাও জরুরি বলে মনে করেন তিনি।

এমন সব চমৎকার ডিজাইনের গয়না তৈরী করেন শৈলী
উদ্যোক্তা হিসেবে পথটা সব সময় সহজ ছিল না। একজন নারী নিজের মতো করে কিছু করতে চাইলে নানা বাধা ও নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হন। শৈলীর মতে, সমস্যাকে ভয় পেলে সামনে এগোনো কঠিন। ইতিবাচক মানসিকতা, নিজের কাজের প্রতি নিষ্ঠা এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। ছোট পরিসরে শুরু করলেও পণ্যের মান, ক্রেতার সঙ্গে সম্পর্ক এবং সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে কোনো আপস করা উচিত নয়।
নিজের কাজের স্বীকৃতি অবশ্যই আনন্দ দেয় শৈলীকে। তবে তাঁর কাছে বড় প্রাপ্তি হলো, নিজের কাজের মাধ্যমে আরও মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের নতুন দক্ষতা অর্জন এবং দেশীয় কারুশিল্পকে নতুনভাবে উপস্থাপন করতে পারা।

Shoilee Creative Studio এর গয়না
তাহমীনা শৈলী গয়না তৈরি করেন ঠিকই, তবে প্রতিটি নকশার ভেতর দিয়ে তিনি ধরে রাখতে চান কোনো না কোনো গল্প—কখনো মানুষের, কখনো প্রকৃতির, কখনো সময়ের। আর সেই গল্পের সঙ্গে যখন একজন ক্রেতা নিজের স্মৃতি ও অনুভূতি মিলিয়ে নেন, তখন গয়নাটি হয়ে ওঠে একান্তই তাঁর নিজের।
এনএনবাংলা/এনজেড

