সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বুধবার করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
খালেদার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ইউএনবিকে বলেন, ‘ম্যাডামকে (খালেদা) বিকালে সিসিইউ থেকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি বলেন, তার চিকিৎসার জন্য হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল সিসিইউতে বিএনপি চেয়ারপার্সনকে দেখতে যান। ‘তারা তখন সিদ্ধান্ত নেয় যে তাকে (খালেদা) কেবিনে রেখে পরবর্তী ফলোআপ চিকিৎসা দেয়া হবে।’
জাহিদ বলেন, বিএনপি চেয়ারপার্সনকে যে কেবিনে স্থানান্তর করা হয়েছে সেখানে হাসপাতালের সিসিইউ এর সব সুযোগ-সুবিধা স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, চিকিৎসকরা তাকে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন এবং তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করবেন। ‘মেডিকেল বোর্ড তার অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
এর আগে সোমবার জাহিদ বলেন, মেডিকেল বোর্ড অসুস্থ খালেদা জিয়াকে আরও কিছু দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, শনিবার করোনারি এনজিওগ্রাম পরীক্ষায় বিএনপি চেয়ারপার্সনের ধমনীতে তিনটি ব্লক পাওয়া গেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ বলেন, খালেদা জিয়ার বাম ধমনীতে ৯৫ শতাংশ ব্লকের কারণে তিনি হার্ট অ্যাটাক করেন। ‘ব্লক সরিয়ে সেখানে একটি স্টেন্ট (রিং) বসানো হয়েছে।’
বাকি দুটি ব্লকের বিষয়ে জাহিদ বলেন, কিডনি ও লিভারের দীর্ঘস্থায়ী সমস্যা থাকায় তার অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।
এর আগে খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শনিবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকালে তার হার্টের মূল ধমনীতে একটি রিং (স্টেন্ট) বসানো হয়।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

—ইউএনবি