Skip to content

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর : ইসি মাছউদ

রাজনৈতিক দল থেকে বহিষ্কারের ঘটনা মাত্রই কোনো সংসদ সদস্যের পদ বাতিলের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রেফারেন্স বা চিঠি পাওয়ার অপেক্ষায় রয়েছে কমিশন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, জাতীয় সংসদ থেকে প্রয়োজনীয় চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন বিষয়টি সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী পর্যালোচনা করবে। আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজ রাজনৈতিক দল থেকে পদত্যাগ করলে তার সংসদ সদস্য পদ শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে কোনো রাজনৈতিক দল তাদের সদস্যকে বহিষ্কার করলে কেবল সেই কারণেই তার সংসদ সদস্য পদ বাতিলের সুযোগ সংবিধানে নেই।

আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক রেফারেন্স বা নির্দেশনাসহ চিঠি এলে নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সংসদের নির্দিষ্ট সিদ্ধান্ত বা নির্দেশনা ছাড়া এ বিষয়ে কমিশনের এককভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করছে এবং চলতি বছরের অক্টোবরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। নতুন করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করতে চায় কমিশন।

তিনি আরও জানান, আবহাওয়া পরিস্থিতি, সরকারি বিভিন্ন পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে যথাযথ পরিকল্পনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ও ভোটগ্রহণের তারিখ চূড়ান্ত করা হবে।

এনএনবাংলা/