Skip to content

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

ছবি: শামীম আহমেদ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি মোজাফফর হোসেনকে মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে ট্রাইব্যুনাল মোজাফফর হোসেনকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পাশাপাশি তদন্ত সংস্থার সুবিধাজনক সময়ে তাকে দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বর্তমানে তিনি ঢাকার সেনানিবাসের কারাগারে থাকবেন।

একই দিনে মামলার অপর আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়।

প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের শাসনামলে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত হত্যাযজ্ঞ চলাকালে তিনি মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এ কারণেই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

উল্লেখ্য, গত ২১ জুলাই মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন। প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এনএনবাংলা/