Skip to content

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

দেরিতে হলেও জাতির কাঁধ থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে ‘দেরিতে হলেও জাতির কাঁধ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে’। তিনি বলেন, এ জন্য তারা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, মো. সাহাবুদ্দিন কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। কারণ, তাদের দল আগে থেকেই মনে করে আসছিল যে তিনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন এবং ওই পদে থাকার উপযুক্ত ছিলেন না।

তিনি বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান জাতীয় সংসদের স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তাকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমির বলেন, তিনি যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন ন্যায়-নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এটাই তাদের প্রত্যাশা। তিনি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে দায়িত্ব পালন করেন, তাহলে জামায়াতে ইসলামী তার প্রতি সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। যেহেতু এ সময়ের মধ্যেই জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তাই স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়াতেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ বিষয়ে সময় এলে জামায়াতে ইসলামীর অবস্থান ও ভূমিকা জনগণ জানতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।

এনএনবাংলা/