Skip to content

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম বোমা সদৃশ অন্তত দুটি বস্তু নিষ্ক্রিয় করেছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

তিনি জানান, সন্ধ্যা ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছে অভিযান শুরু করে। এখন পর্যন্ত বোমা সদৃশ দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। আরও বোমা সদৃশ বস্তু থাকায় সেগুলোও নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর কে বা কারা মেট্রোরেল স্টেশনের নিচে এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়। খবর পেয়ে পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে। প্রাথমিকভাবে এগুলো কী ধরনের বিস্ফোরক, নাকি ককটেল—তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুটি বোমা সদৃশ বস্তুর ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে এবং সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল বলে একটি সূত্র জানিয়েছে।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন এবং বিষয়টি তদন্ত করে দেখছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় মতিঝিল এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এনএনবাংলা/