Skip to content

সিলেটে জামায়াতের আমির

হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে

সরকারের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, হাসিনাকে তাড়িয়েছি, যদি আপনারাও ফ্যাসিবাদ কায়েম করেন, জনগণ আপনাদেরও তাড়াবে। জনগণ কাউকেই ছাড় দেবে না।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সফর করে তিনি মানুষের কাছ থেকে একই দাবি শুনেছেন—গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সরকারি দল ও বিরোধীদল জনগণের কাছে ‘হ্যাঁ’ ভোট চেয়েছিল এবং জনগণ সেই রায় দিয়েছে। এখন সেই গণরায়ের বাস্তব প্রতিফলন দেখতে চায় মানুষ। এ বিষয়ে আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তাই গণভোটের রায়কে কোনোভাবেই অবমূল্যায়ন বা অপমান করতে দেওয়া হবে না। গণরায় বাস্তবায়নের মাধ্যমেই চলমান আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, যারা একসময় নিজেদের নিপীড়িত দাবি করতেন, ক্ষমতায় এসে তারাই আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পথ অনুসরণ করছেন। সমাজের বিভিন্ন স্তরে দলীয়করণ বাড়ছে এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন, জনগণ আপনাদেরও তাড়াবে। ভালোয় ভালোয় জনগণের প্রত্যাশা মেনে নিন। তা না হলে এ দেশের মানুষ জীবন দিয়ে, গুলি খেয়ে এবং পঙ্গুত্ব বরণ করে মুক্তির সংগ্রামের পথ শিখে নিয়েছে।

জুলাই আন্দোলনে নিহতদের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ, জুলাইযোদ্ধা এবং দেশের ১৮ কোটি মানুষের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা হবে না। প্রয়োজন হলে জীবন দিয়েও দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সামনে বৃহত্তর আন্দোলনের ডাক আসবে, তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন সম্পূর্ণ দূর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন আরও জোরদার হবে এবং কাঙ্ক্ষিত মুক্তি অর্জনের আগ পর্যন্ত এ আন্দোলন চলবে।

এনএনবাংলা/