বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন সংসদ এলাকায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম তিনি পরিচালনা করবেন বঙ্গভবন থেকে। তবে তার আবাসস্থল হবে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের সরকারি বাসভবন। শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই তার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং আশপাশের এলাকায় রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে।
এর আগে, শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
অন্যদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আগামীকাল রোববার সকাল ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।
এনএনবাংলা/
