Skip to content

দেশে ফিরলেন স্পিকার, বললেন রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে কিছু জানা নেই

থাইল্যান্ডে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের দুদিন আগে আজ দুপুরে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে দেশজুড়ে আলোচনা-গুঞ্জনের মধ্যেই চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি তিনি। স্পিকারের দাবি, এ বিষয়ে তার কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই; সাংবাদিকদের মতো তিনিও কেবল শুনেছেন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্পিকার। সেখানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম তাকে স্বাগত জানান।

বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি গত এক সপ্তাহ দেশের বাইরে ছিলেন। তাই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার জানা নেই। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি কী করবেন, না করবেন সেটি আমি জানি না। তিনি রাষ্ট্রপতি, দেশের প্রথম ব্যক্তি।’

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে স্পিকার বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করবে, না করবে তা আমার জানা নেই। এখন হয়তো জানতে পারব। যদি তিনি পদত্যাগ করেন, তবে স্পিকারের কাছেই করবেন। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এটাই সংসদীয় রীতি।’

সফরসূচি অনুযায়ী চিকিৎসা শেষে ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার কারণ জানতে চাইলে স্পিকার বলেন, ঢাকায় তার ব্যক্তিগত কিছু কাজ ছিল। এছাড়া চিকিৎসাজনিত স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ায় তিনি দেশে ফিরে এসেছেন।

রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে স্পিকার বলেন, ‘বাংলাদেশের সংবিধানে এটি স্পষ্টভাবে উল্লেখ আছে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর জাতীয় সংসদ তিন মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে।’

বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর তার ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি আরও জোরালো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, ৭৬ বছর বয়সী মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদটি মূলত আনুষ্ঠানিক হলেও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর এ পদকে ঘিরে নতুন করে গুরুত্ব তৈরি হয়েছে।

এনএনবাংলা/