‘পালিয়ে যাব না’ বলে যারা পালিয়েছে, তারা ‘আসি’ বলেও ফিরবে না: হাসনাত

বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহ এমপি জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, ‘পালিয়ে যাব না’ বলে যে পালিয়ে যায়, সে ‘আসি’ বলে কখনও আসবে না।
সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেখা যাবে ওখান থেকে বলবে আসবে, দলের নেতাকর্মীদেরকে মাঝে মাঝে বের করবে, ওদেরকে জনগণ ঠেঙাবে, ঠেঙায়ে জেলে দেবে।’
বক্তব্যে তিনি শিক্ষামন্ত্রীকে ‘সাইকো’ আখ্যা দিয়ে বলেন, সংসদে ক্ষমা চাওয়ার পরও কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের ওপর প্রতিশোধ নেওয়া হয়েছে। তার ভাষায়, ‘কি পরিমাণ একটা মানুষ সাইকো হতে পারে! সংসদে ক্ষমা চাওয়ার পরও তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের ওপর প্রতিশোধ নিয়েছেন।’
একই সঙ্গে তিনি বলেন, ‘মিলন সাহেব, আমরা আপনার অতীত জানি। আপনার পরিবারের দুর্নীতিও আমরা জানি, মন্ত্রণালয়ে আপনার দুর্নীতিও আমরা জানি।’
বিএনপির নেতা সালাউদ্দীন আহম্মেদকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, তার সম্পদ আগের তুলনায় ২৫ গুণ বেড়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি প্রকৃত অর্থে নিরপেক্ষ প্রতিষ্ঠান চায় না; বরং আওয়ামী লীগের মতো দখলদার রাজনীতি করতে চায়।
তিনি বলেন, ‘আমরা আগে ভাবতাম বিএনপি স্বাধীন পুলিশ, স্বাধীন মিডিয়া ও স্বাধীন নির্বাচন কমিশন চায়। গত ১৬ বছর ধরে তারা এসব কথা বলেছে। কিন্তু এখন মনে হচ্ছে, তাদের আপত্তি ছিল দখল নিয়ে। আওয়ামী লীগ দখল করবে না, সেটা তারা করবে—এটাই ছিল তাদের অবস্থান।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদা মিতু এমপি, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমাদ।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গায় পদযাত্রা শেষে এনসিপির গাড়িবহর মেহেরপুরের গাংনীতে পৌঁছায়। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সমাবেশ শেষ করে তারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন।
এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পোস্টার সংবলিত কুশপুত্তলিকা পোড়ানো হয়। এছাড়া দুপুরে সমাবেশস্থলের মঞ্চের প্রায় ১০ মিটারের মধ্যে থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সমাবেশ সম্পন্ন হয়।
এনএনবাংলা/
