সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চুয়াডাঙ্গায় হাতকড়া খুলে আসামির পলায়ন, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া খুলে আজিজুল শেখ নামে ডাকাতির মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

একই সঙ্গে এ ঘটনার তদন্তে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পলাতক আসামি আজিজুল শেখ (৩৮) গোপালগঞ্জের মকছেদপুর থানার জলিরপাড় আবাসনের ফজল শেখের ছেলে। তিনি দামুড়হুদা থানার একটি ডাকাতি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।

প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য হলেন-সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) মো. আনোয়ার হোসেন, কনস্টেবল মো. মিলন হোসেন ও মোছা. বেনজির নাহার।

তিন সদস্যের তদন্ত কমিটির সদস্য হিসেবে আছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) আলমগীর কবীর ও রিজার্ভ অফিসের পরিদর্শক আবদুল বারেক।

এসপি জানান, তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, রবিবার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতে নেয়া হয় আসামি আজিজুলকে। সেখানে ভ্যান থেকে নামিয়ে আদালতের গারদে নেয়ার সময় কৌশলে হাতকড়ার লক খুলে পালিয়ে যান তিনি। পরে তার পেছনে ধাওয়া করেও ধরতে পারেননি পুলিশ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, কৌশলে হাতকড়া খুলে পালিয়েছেন আজিজুল শেখ। তাকে গ্রেপ্তারে এরই মধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

—ইউএনবি