Skip to content

Upcoming
France
0-0
Senegal
Source: ESPN

এসির টাকা আত্মসাৎ: ইভ্যালির রাসেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

এসির ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। এদিন ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ধানমন্ডি থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর রাসেলকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আগামী তিনদিনের মধ্যে যেকোনো একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এর আগে ২৫ সেপ্টেম্বর অর্ডার করা এসির ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মুজাহিদুর রহমান নামে এক ব্যক্তি এই মামলা করেন। পরে বিচারক মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। গত ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযান শেষে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়।