সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ক্যারিবীয় সাগরে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র

 

ভেনেজুয়েলার ওপর চাপ সৃষ্টির ধারাবাহিকতায় ক্যারিবীয় সাগর থেকে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৯ জানুয়ারি) মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী কোনো ধরনের অঘটন ছাড়াই ‘ওলিনা’ নামের ট্যাঙ্কারটি আটক করতে সক্ষম হয়েছে।

যদিও এই আটকের সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল পরিবহনের দায়ে ট্যাঙ্কারটি আগে থেকেই ওয়াশিংটনের নিষেধাজ্ঞার তালিকায় ছিল। ভেনেজুয়েলা সংকটের প্রেক্ষাপটে এটি যুক্তরাষ্ট্রের পঞ্চম তেলের ট্যাঙ্কার জব্দের ঘটনা।

এর দুই দিন আগেই, গত বুধবার উত্তর আটলান্টিক মহাসাগর থেকে আরও দুটি তেলবাহী জাহাজ আটক করা হয়। এর মধ্যে ‘মেরিনেরা’—যা ‘বেলা-১’ নামেও পরিচিত—রুশ পতাকাবাহী ট্যাঙ্কারটি আটকাতে মার্কিন কোস্টগার্ডকে প্রায় দুই সপ্তাহ ধরে অভিযান চালাতে হয়।

এ ঘটনায় মার্কিন বিচার বিভাগ ইতোমধ্যে জাহাজটির ক্রুদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। কোস্টগার্ডের নির্দেশ অমান্য করার অভিযোগে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হতে পারে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন বাহিনীর হাতে বন্দি হওয়ার পরও ওয়াশিংটন যে কঠোর অবরোধ নীতি থেকে সরে আসছে না, সাম্প্রতিক এই পদক্ষেপ তারই স্পষ্ট ইঙ্গিত।

এদিকে, যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। রুশ পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের যে স্বাধীনতা ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন (UNCLOS) নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করছে।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক ট্যাঙ্কার জব্দের মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াচ্ছে, অন্যদিকে রাশিয়ার জ্বালানি রপ্তানিতেও কড়া বার্তা দিচ্ছে—যা বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।

এনএনবাংলা/