সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভালুকা রণক্ষেত্র: বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

 

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৫টা থেকে ভালুকা বাসস্ট্যান্ড ও হবিরবাড়ি এলাকায় শুরু হওয়া সংঘর্ষ রাত ১০টা পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন।

লিফলেট বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা বাজারে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক (বহিষ্কৃত) মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষে তার সমর্থকরা লিফলেট বিতরণ করছিলেন।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন বাচ্চুর সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হামলায় মোর্শেদ আলমের কর্মী অপু গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দেশীয় অস্ত্র নিয়ে বাসস্ট্যান্ডে রণক্ষেত্র

এই ঘটনার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায়। সেখানে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বিএনপি কার্যালয় ও স্বতন্ত্র প্রার্থীর অফিসে অগ্নিসংযোগ

সংঘর্ষ চলাকালে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে অবস্থিত বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আদি খান শাকিলের অফিসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের ঘটনায় চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিলে কার্যত পুরো ভালুকা এলাকায় ‘শাটডাউন’ পরিস্থিতি সৃষ্টি হয়।

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, বাটাজোড় বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তার ওপর সরাসরি হামলা চালানো হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, “একজন সংসদ সদস্য প্রার্থীর ওপর এভাবে হামলা হলে সাধারণ ভোটাররা কতটা নিরাপদ?”

বিএনপি প্রার্থীর বক্তব্য মেলেনি

এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন বাচ্চুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ বলছে, পরিস্থিতি থমথমে

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থেমে থেমে এখনও সংঘর্ষ চলছে। পুরো ভালুকা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তিনি আরও জানান, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনএনবাংলা/