সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঈদে থানায় রাখা যাবে স্বর্ণালঙ্কার, নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা ডিএমপির

 

ঈদ উপলক্ষে রাজধানীর নিরাপত্তা জোরদার করতে বেশ কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাসাবাড়িতে মূল্যবান জিনিসপত্র রেখে যাওয়ার ঝুঁকি থাকলে সেগুলো নিরাপদে থানায় জমা রাখার সুযোগ থাকবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

রোববার (১৫ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের সময় অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে গ্রামে চলে যান এবং রাজধানী অনেকটা ফাঁকা হয়ে যায়। এ সময়ে বাসায় মূল্যবান জিনিসপত্র রেখে যাওয়ার ঝুঁকি থাকে। যাদের আত্মীয়-স্বজন নেই বা নিরাপদে রাখার জায়গা নেই, তারা চাইলে স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী থানায় জমা রেখে যেতে পারবেন। পুলিশ সেগুলো নিরাপদে সংরক্ষণ করবে।

নগরবাসীর প্রতি তিনি অনুরোধ জানান, ঈদে বাড়ি ছাড়ার আগে বাসার দরজা-জানালা ভালোভাবে বন্ধ করে যেতে, সিসি ক্যামেরা সচল রাখতে এবং আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি জানান, ঈদে রাজধানীতে যাতে কোনো অপরাধ সংঘটিত না হয় সেজন্য পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসানো হবে। আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট ও মাউন্টেড পুলিশ মোতায়ন থাকবে।

ঈদকে সামনে রেখে রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন এলাকায়ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে গোয়েন্দা পুলিশও। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি এবং যাত্রী হয়রানি ঠেকাতে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

যাত্রীদের উদ্দেশ্যে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সতর্কবার্তা দিয়ে বলেন, যাত্রাপথে অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ না করা এবং নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিজের হেফাজতে রাখার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। প্রয়োজনে যেকোনো জরুরি সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

এছাড়া রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার প্রধান সড়কগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়ন করা হবে বলেও জানান তিনি।

এনএনবাংলা/পিএইচ