সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিল

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

 

নেপালের নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তাঁর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছেন। নেপাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ১০০ দফার একটি বিস্তৃত সংস্কার কর্মসূচি নিয়েছে, যার বড় অংশজুড়ে রয়েছে শিক্ষা খাত।

শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দল-সমর্থিত সব ধরনের ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব সংগঠনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিবর্তে আগামী ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা হবে, যা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসনকে নিরপেক্ষ রাখতে সরকারি কর্মচারী ও শিক্ষকদের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে দলীয় ট্রেড ইউনিয়ন বিলুপ্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে মনস্তাত্ত্বিক ও বিকল্প মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি নিরূপণ করা হবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে দীর্ঘদিনের সেশনজট কমাতে শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া নেপালি জাতীয় পরিচয় জোরদার করতে বিদেশি নামধারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। ‘অক্সফোর্ড’, ‘পেন্টাগন’ বা ‘সেন্ট জেভিয়ার্স’-এর মতো নাম ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে বছরের শেষ নাগাদ নেপালি নাম গ্রহণ করতে হবে।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে স্নাতক (অনার্স) পর্যায়ে ভর্তির জন্য নাগরিকত্ব সনদের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষকদের পেনশন ও রেকর্ড ব্যবস্থাপনা আগামী অর্থবছর থেকে প্রাদেশিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের দাবি, এসব সংস্কারের মূল লক্ষ্য হলো শিক্ষাব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, শিক্ষার্থী-বান্ধব এবং গবেষণামুখী করে তোলা। রাজনৈতিক হস্তক্ষেপ কমিয়ে শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠস্বর তুলে ধরাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

এনএনবাংলা/