সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

১ ঘণ্টার মধ্যেই শেষ ঈদযাত্রার ট্রেনের টিকিট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই যাত্রীদের ব্যাপক চাপ দেখা গেছে। বিক্রি শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) জন্য বরাদ্দ প্রায় সব টিকিট শেষ হয়ে গেছে।

বুধবার (১৩ মে) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। অন্যদিকে পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ) টিকিট বিক্রি শুরু হয় বেলা ২টায়। আজ যারা টিকিট সংগ্রহ করছেন, তারা ২৩ মে যাত্রা করবেন। এবার ঈদের সব অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ২৩ মে ঢাকা থেকে মোট ৪৩টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে পশ্চিমাঞ্চলে যাবে ২০টি ট্রেন, যেখানে আসন সংখ্যা ১৫ হাজার ২৬৬টি। টিকিট বিক্রি শুরুর প্রথম ১৫ মিনিটেই সাড়ে ১২ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে যায় এবং সকাল ৯টার মধ্যে বিক্রি হয় ১৫ হাজার ৪৩টি টিকিট।

সংশ্লিষ্টরা জানান, সকালেই টিকিট কিনতে ব্যাপক চাপ পড়ে। বিশেষ করে প্রথম আধা ঘণ্টায় ওয়েবসাইটে প্রায় ৬০ লাখবার প্রবেশের চেষ্টা (হিট) হয়। ফলে সেকেন্ডের ভগ্নাংশের ব্যবধানে কেউ টিকিট পেলেও অনেকেই ব্যর্থ হয়েছেন।

অন্যদিকে পূর্বাঞ্চলে ২৩টি ট্রেন চলাচল করবে, যেখানে আসন রয়েছে ১৫ হাজার ৯৭৪টি। এসব টিকিট বিক্রির জন্যও অনলাইনে ব্যাপক চাপ লক্ষ্য করা যাচ্ছে। প্রতি বছরই ঈদযাত্রায় উত্তরবঙ্গমুখী ট্রেনে চাহিদা বেশি থাকে, বিশেষ করে এসি কামরার টিকিট দ্রুত শেষ হয়ে যায়।

রেলের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে যাত্রার টিকিট। পরবর্তী দিনগুলোতে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী দিনে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরতযোগ্য নয়। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে, তবে এসব টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করা যাবে না।

ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার জন্য ১০টি বিশেষ ট্রেন চালানো হবে। এর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল’ এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর স্পেশাল’ ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন চলবে।

এছাড়া জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর স্পেশাল’ ঈদের আগে ২৪-২৬ মে এবং ঈদের পর আরও তিন দিন চলাচল করবে। ঈদের দিন ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া ঈদগাহে যাত্রী পরিবহনের জন্য চারটি বিশেষ ট্রেন চালানো হবে।

কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে চালু থাকবে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন, যা দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।

এনএনবাংলা/