সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বিশ্বকাপের আগে রাজকীয় বিদায় সংবর্ধনা পেল ইরান দল

তেহরানে সংবর্ধনা দেওয়া হয় ইরানের খেলোয়াড়দের। ছবি: সংগৃহীত

ভূরাজনৈতিক টানাপড়েনের মধ্যেই আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে রাজকীয় ও আবেগঘন বিদায় সংবর্ধনা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বুধবার (১৩ মে) রাতে তেহরানের ঐতিহাসিক এনকেলাব স্কয়ারে হাজারো সমর্থকের উপস্থিতিতে বর্ণাঢ্য এই আয়োজন অনুষ্ঠিত হয়।

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অনুষ্ঠানে খেলোয়াড়রা মঞ্চে উঠে দেশপ্রেমমূলক বক্তব্য দেন এবং তাদের বীরোচিত বিদায় জানানো হয়। একইসঙ্গে বিশ্বকাপে ব্যবহারের জন্য দলের নতুন জার্সিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী সপ্তাহে তুরস্কে অনুশীলনের উদ্দেশ্যে দেশ ছাড়বে ইরান দল। এ বিষয়ে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানান, গত চারটি বিশ্বকাপের মধ্যে এটি সবচেয়ে স্মরণীয় বিদায় সংবর্ধনা। তিনি বলেন, ফলাফল যাই হোক না কেন, বিদেশের মাটিতে দেশের সম্মান রক্ষায় খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করবেন।

তবে এই উৎসবের মাঝেও বড় উদ্বেগ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে মেহেদি তাজকে ফিফা কংগ্রেসে যোগ দিতে কানাডায় প্রবেশে বাধা দেওয়া হয়, যেখানে তার বিরুদ্ধে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছিল।

একই ধরনের জটিলতা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র ইতোমধ্যে আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

ভিসা জটিলতা নিরসনে এখন পুরোপুরি ফিফার ওপর নির্ভর করছে ইরান। ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়েত মোম্বেইনি জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। তবে ফিফা আশ্বাস দিয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে এবং খেলোয়াড়রা যথাসময়ে ভিসা পাবেন।

এদিকে ইরাকের কিছু ফুটবলারের ভিসা প্রত্যাখ্যানের খবর ছড়িয়ে পড়লেও হোয়াইট হাউজ ও ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন তা নাকচ করেছে। এই গুজব ইরানি শিবিরে সাময়িক উদ্বেগ তৈরি করলেও সংশ্লিষ্টরা এখনো আশাবাদী।

এনএনবাংলা/