ঈদ আনন্দমেলায় রুনা লায়লা ও বেবী নাজনীন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় প্রথমবারের মতো একসঙ্গে হাজির হচ্ছেন দেশের দুই বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা ও বেবী নাজনীন।
অনুষ্ঠানে তারা পরিবেশন করবেন তাদের ক্যারিয়ারের দুটি কালজয়ী জনপ্রিয় গান। রুনা লায়লার কণ্ঠে শোনা যাবে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ এবং বেবী নাজনীন গাইবেন ‘কাল সারারাত’।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদনের অন্যতম আকর্ষণ ‘আনন্দমেলা’। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনও সাজানো হয়েছে ভিন্নধর্মী পরিবেশনায়। এর আগে দুই শিল্পী আলাদাভাবে অংশ নিলেও এবারই প্রথম একই পর্বে দেখা যাবে তাদের।
রুনা লায়লা বলেন, উৎসবকে ঘিরে নির্মিত অনুষ্ঠান নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ থাকে। সেই চিন্তা থেকেই শ্রোতাপ্রিয় একটি গান নতুনভাবে পরিবেশন করা হয়েছে, যা দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশাবাদী।
বেবী নাজনীন বলেন, দর্শকদের প্রতীক্ষিত অনুষ্ঠানে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য। ‘কাল সারারাত’ গানটি সময়ের সঙ্গে আবেদন হারায়নি বলেই এটি নতুন করে গেয়েছেন, যা তাকে ভীষণ আনন্দ দিয়েছে।
শুধু গান নয়, এবারের ‘আনন্দমেলা’য় থাকছে নৃত্য, নাট্যাংশ ও বিশেষ পরিবেশনাসহ নানা আয়োজন। জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ তার নাচের দল নিয়ে অংশ নিয়েছেন বিশেষ পরিবেশনায়। পাশাপাশি আরেকটি নৃত্যে দেখা যাবে মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূরকে।
এ ছাড়া আশির দশকের জনপ্রিয় পপসংগীত ‘এমন একটা মা দেনা’ নতুনভাবে পরিবেশন করেছেন ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আরও অংশ নিয়েছেন পরীমনিসহ একাধিক তারকা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আফরান নিশো।
ঈদুল আজহার প্রথম দিন বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বিশেষ এই আয়োজন।
এনএনবাংলা/
