Skip to content

Upcoming
Ghana
0-0
Panama
Source: ESPN

পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারে কড়া নির্দেশনা আদালতের

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় পুলিশ হেফাজতে থাকা আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পর এ আদেশ দেন।

মামলার কার্যক্রম চলাকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রচলিত আইন অনুযায়ী বিচারকের সামনে অভিযোগ গঠন শুনানি, ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় বক্তব্য প্রদান এবং ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়া ছাড়া পুলিশ হেফাজতে কোনো আসামির বক্তব্য দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও জানান, এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। পুলিশ হেফাজতে থাকা বা দণ্ডপ্রাপ্ত কোনো আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার করা সর্বোচ্চ আদালতের নির্দেশনা ও রাষ্ট্রীয় নীতিমালার পরিপন্থী। পাশাপাশি এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও বিবেচিত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা, জনমত প্রভাবিত হওয়ার আশঙ্কা দূর করা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে পুলিশ হেফাজতে থাকা কোনো আসামি যেন প্রকাশ্যে বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার আবেদন জানান।

শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন এবং বিষয়টি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এনএনবাংলা/পিএইচ