সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

ছবি- বাফুফে

রুদ্ধশ্বাস লড়াইয়ে নেপালকে ২-১ গোলে পরাজিত করে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের গোয়ায় অনুষ্ঠিত সেমিফাইনালে একসময় পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নেপালের আত্মঘাতী গোল বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করে। এর ফলে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই ছন্দ খুঁজে পেতে কিছুটা হিমশিম খেতে হয় বাংলাদেশকে। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৩তম মিনিটে এগিয়ে যায় নেপাল। দীপা শাহির কর্নার কিক থেকে হেডে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন গীতা রানি।

প্রথমার্ধে আরও একটি গোলের সুযোগ তৈরি করেছিল নেপাল। ৩৬তম মিনিটে প্রীতি রায়ের শক্তিশালী দূরপাল্লার শট বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারের হাত ছুঁয়ে পোস্টে আঘাত করে ফিরে আসে। তাতে বড় বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। একের পর এক আক্রমণের ফলও পায় বিরতির ঠিক আগে। প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার কিক থেকে সরাসরি দুর্দান্ত বাঁকানো শটে বল জালে পাঠান ঋতুপর্ণা চাকমা। তার অসাধারণ সেই গোলে ১-১ সমতায় ফিরে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। খেলার শুরুতেই নেপালের রেখা গোলরক্ষককে পরাস্ত করে বল ফাঁকা জালের দিকে পাঠালেও তা পোস্টে লেগে ফিরে আসে। ৬৯তম মিনিটে সারু লিম্বুর বাঁকানো শট অল্পের জন্য গোলপোস্টের ওপর দিয়ে চলে গেলে আবারও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাংলাদেশ শিবির।

অন্যদিকে ৭৮তম মিনিটে বাংলাদেশের সাগরিকা দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। তবে নেপাল অধিনায়ক ও গোলরক্ষক সুব্বা দারুণ দক্ষতায় তার শট প্রতিহত করেন।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছে, তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়রের পাস সাগরিকার দিকে গেলে তাকে ঠেকাতে গিয়ে নেপালের রক্ষণভাগ চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত নিজেদের জালেই বল পাঠিয়ে বসেন নেপালের এক ডিফেন্ডার। আত্মঘাতী সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

পিটার বাটলারের শিষ্যরা এই জয় দিয়ে আরও একবার প্রমাণ করল, কঠিন পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য তাদের রয়েছে। নাটকীয় এই জয়ের সুবাদে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে জায়গা করে নিল বাংলাদেশ।

এনএনবাংলা/পিএইচ