সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী বিক্ষোভে সহিংসতা, বসতবাড়ি ও যানবাহনে আগুন

আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন মুখোশধারী বিক্ষোভকারীরা। মঙ্গলবার বেলফাস্টে। ছবি: আলজাজিরা

উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অভিবাসনবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিক্ষোভকারীরা বিভিন্ন যানবাহন ও ভবনে আগুন ধরিয়ে দিলে শহরের কয়েকটি এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। ভিডিওতে দেখা যায়, রাস্তায় এক ব্যক্তি অন্য একজনকে ছুরি দিয়ে আঘাত করছেন। অভিযুক্ত ব্যক্তি সুদানের এক শরণার্থী বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা বেলফাস্টের বিভিন্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারীদের অধিকাংশের মুখে মাস্ক ছিল। ভারতীয় বংশোদ্ভূত অভিবাসী ইমরান বার্তা সংস্থা এএফপিকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষোভকারীরা প্রথমে একটি ডাস্টবিনে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে বিক্ষোভকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ শুরু করে।

বিক্ষোভ শুরুর আগে যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী কর্মী টমি রবিনসনের একটি এক্স পোস্ট রিটুইট করেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। পোস্টটির মন্তব্যে মাস্ক লিখেন, “জোরালোভাবে প্রতিবাদ করলেই পরিবর্তন আসবে।”

বিক্ষোভ চলাকালে স্কাই নিউজের সম্প্রচারিত ফুটেজে বিভিন্ন ভবনে আগুন জ্বলতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ হেলিকপ্টার শহরের আকাশে টহল দেয়।

উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মুখোশধারীদের দল ঘরবাড়িতে আগুন দিয়ে বাসিন্দাদের তাড়িয়ে দিচ্ছে। এটি কাপুরুষোচিত কাজ।”

এদিকে, অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজ ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির ২০২৮ সাল পর্যন্ত দেশটিতে থাকার বৈধ অনুমতি রয়েছে। অন্যদিকে উত্তর আয়ারল্যান্ডের পুলিশ প্রধান জন বুচার জানান, ওই ব্যক্তি ২০২৩ সালে প্যারিস ও ডাবলিন হয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেন।

স্থানীয় প্রশাসন এখনো ছুরিকাঘাতের ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। অভিযুক্তকে স্থানীয় সময় বুধবার আদালতে হাজির করার কথা রয়েছে।

এনএনবাংলা/