সাম্প্রতিক
Skip to content

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কিনতে বিটিভির ব্যয় ৪৭.২৫ কোটি টাকা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এ জন্য সম্প্রচার স্বত্ব কিনতে ব্যয় হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট মূল্য দাঁড়াবে ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।

গতকাল মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কিনতে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়েছিল। সেই চুক্তির স্বচ্ছতা নিয়ে দেশবাসীর মধ্যে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমে প্রায় ২০০ কোটি টাকা দাবি করে। তবে সেই প্রস্তাব কার্যকর হয়নি।

তিনি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ফিফার সঙ্গে আলোচনা শুরু করে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকেও যুক্ত করা হয়। দীর্ঘ আলোচনা ও দরকষাকষির মাধ্যমে শেষ পর্যন্ত স্বল্প ব্যয়ে সম্প্রচার স্বত্ব নিশ্চিত করা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য, “সব জটিলতা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর প্রিয় চ্যানেল বিটিভি আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে।”

তিনি আরও বলেন, “জনগণের জন্য সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই অর্থ বিটিভিকে নিজস্ব তহবিল থেকে পরিশোধ করতে হবে না। টেলিকম অপারেটর, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও সম্প্রচার অধিকার বিক্রির মাধ্যমে প্রায় পুরো অর্থই উঠে এসেছে। ফলে নামমাত্র খরচে বিটিভি বিশ্বকাপ সম্প্রচার করতে পারবে।”

তথ্য প্রতিমন্ত্রী জানান, বিটিভির কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনেছে টি স্পোর্টস, সময় টিভি, গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।

এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও দেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে ব্যাপক উন্মাদনা রয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি ও স্পেনের মতো দলগুলোর প্রতি সমর্থকদের আবেগ দীর্ঘদিনের। তাই বিশ্বকাপ সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটি দূর হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

এনএনবাংলা/