যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী সংলগ্ন ওমান উপকূলে তেলবাহী একটি ট্যাংকারে হামলার ঘটনায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।
বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বনান্দ সোনোওয়াল ।
‘সেত্তেবেল্লো’ নামের পালাওয়ের পতাকাবাহী তেলের ট্যাংকারটিতে মোট ২৮ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ২৪ জনই ভারতীয় নাগরিক। বুধবার জাহাজটির ইঞ্জিন রুমে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
ওমানি বন্দর সোহার থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় জাহাজটি। হামলার পরপরই জাহাজ থেকে জরুরি সহায়তার সংকেত পাঠানো হয়।
ভারতীয় দূতাবাস, মাস্কাট এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, জাহাজে থাকা ২৪ ভারতীয়ের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট জাহাজ চলাচল ঠেকাতে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করেছে। অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করা জাহাজগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে কিংবা হামলা চালিয়ে অচল করে দেওয়া হচ্ছে। সংস্থাটির দাবি, এই ট্যাংকারটিও সেই অবরোধ-সংক্রান্ত অভিযানের শিকার।
এরই মধ্যে বুধবার থেকে নতুন করে সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। টানা দ্বিতীয় দিনের মতো উভয় পক্ষ হামলা ও পাল্টা হামলা চালিয়েছে, ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।
এনএনবাংলা/পিএইচ
