সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

২০২৬ ফুটবল বিশ্বকাপ

টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি

ছবি : বিবিসি

আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের। তবে ২৩তম এই বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই নানা বিতর্ক ও জটিলতায় আলোচনার কেন্দ্রে চলে এসেছে টুর্নামেন্টটি। টিকিটের অতিরিক্ত মূল্য, ভিসা জটিলতা, যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি এবং নিরাপত্তা ইস্যু নিয়ে সমালোচনার মুখে পড়েছে আয়োজকরা। এসব বিষয়ে অবশেষে মুখ খুলেছেন জিয়ান্নি ইনফান্তিনো।তার পরামর্শ, ফুটবলপ্রেমীদের কিছুটা “চিল” করা উচিত।

মেক্সিকোতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। টুর্নামেন্ট শুরুর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে টিকিটের উচ্চমূল্য নিয়ে ওঠা অভিযোগের জবাব দেন ইনফান্তিনো।

ফিফা সভাপতির দাবি, টিকিট বিক্রির ক্ষেত্রে যদি কোনো ভুল থেকেও থাকে, তাহলে উত্তর আমেরিকার পুরো টিকিট বাজারই একই ধরনের নীতিতে পরিচালিত হচ্ছে। তার মতে, টিকিট কম দামে বিক্রি করা হলে সেগুলো কালোবাজারে আরও বেশি দামে বিক্রি হতো এবং সেই অর্থ ফুটবলের পরিবর্তে অসাধু চক্রের হাতে চলে যেত।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪০ ডলার। অন্যদিকে ফাইনালের সাধারণ আসনের টিকিটের দাম পৌঁছে গেছে কয়েক হাজার ডলারে। এছাড়া হসপিটালিটি প্যাকেজের অতিরিক্ত মূল্য নিয়েও ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে সাধারণ সমর্থকদের কথা বিবেচনা করে সীমিত পরিসরে ৬০ ডলারের টিকিট ছাড়ে ফিফা। ইনফান্তিনো জানান, এ ক্যাটাগরিতে প্রায় ১ লাখ ৩০ হাজার টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে।

টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, নিউজার্সি ও টেক্সাসে তদন্ত চললেও এ বিষয়ে উদ্বেগ দেখাননি ফিফা সভাপতি। তিনি বলেন, টিকিট বিক্রির আগে আইনজীবী ও বিশেষজ্ঞদের মাধ্যমে সবকিছু যাচাই করা হয়েছে এবং যেকোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ফিফা।

শুধু টিকিট নয়, বিশ্বকাপের আগে ভিসা ও নিরাপত্তা ইস্যুতেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। দায়িত্ব পালনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া সোমালিয়ার রেফারি ওমর আর্তানকে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ইরানের সমর্থকদের টিকিট বাতিল এবং সেনেগাল ও উজবেকিস্তানের খেলোয়াড় ও কর্মকর্তাদের অতিরিক্ত নিরাপত্তা তল্লাশির অভিযোগও উঠেছে।

এসব বিষয়ে ইনফান্তিনো স্বীকার করেছেন, সব সিদ্ধান্ত ফিফার নিয়ন্ত্রণে থাকে না। তার ভাষায়, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হয়। তিনি বলেন, “আমরা আলোচনা করছি, কথা বলছি। কখনও কখনও একটু শান্ত থাকা এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করাও জরুরি। অনেক সময় ধৈর্য ধরেই সমস্যার সমাধান করতে হয়।”

নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন ফিফা সভাপতি। তার মতে, বর্তমান বিশ্ব অনেক বেশি সংবেদনশীল ও জটিল হয়ে উঠেছে। তাই বিভিন্ন দেশের নিরাপত্তা সিদ্ধান্তকে সম্মান জানিয়েই ফিফা আড়ালে থেকে সমস্যাগুলোর সমাধানে কাজ করছে।

এদিকে আন্তর্জাতিক নানা জটিলতার মধ্যেও ইরান জাতীয় দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হওয়াকে ফিফার বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন ইনফান্তিনো। তিনি বলেন, এমন পরিস্থিতিতে দলটিকে টুর্নামেন্টে আনা মোটেও সহজ কাজ ছিল না।

সংবাদ সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরভূয়সী প্রশংসাও করেন। ইনফান্তিনোর মতে, মার্কিন প্রশাসনের সহযোগিতা ছাড়া এত বড় বৈশ্বিক আয়োজন সফলভাবে সম্পন্ন করা কঠিন হতো।

বিশ্বকাপ সম্প্রচার প্রসঙ্গেও কথা বলেন ফিফা সভাপতি। তিনি জানান, শুধুমাত্র বাণিজ্যিক লাভের কথা চিন্তা করলে ফিফা আরও বেশি অর্থ আয় করতে পারত। তবে বিশ্বের কোটি কোটি দর্শকের কাছে বিশ্বকাপ পৌঁছে দিতেই সংস্থাটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করেছে।

এনএনবাংলা/পিএইচ