Skip to content

Upcoming
Argentina
0-0
Egypt
Source: ESPN

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা বলছে বোর্ড

ফাইল ছবি: শামীম আহমেদ

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ১৬ জেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কয়েকটি নদীর পানি আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এ পরিস্থিতিতে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হলেও আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, কোথাও বন্যা বা দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে আন্ত শিক্ষা বোর্ড বলেছে, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “১৬ জেলায় বন্যার পূর্বাভাস রয়েছে, এ বিষয়টি আমরা অবগত রয়েছি। কোনো জেলায় বন্যা হলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।”

বোর্ড জানিয়েছে, প্রয়োজন হলে পরীক্ষার্থীদের কেন্দ্রের নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে এসে পরীক্ষা গ্রহণেরও নির্দেশনা রয়েছে। কোনো এলাকায় বন্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ২ জুলাই শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

এনএনবাংলা/